Advertisement
Us Bangla Airlines
ফখরের নিষেধাজ্ঞায় ওপেনিংয়ে সুযোগ পাবেন ইমন?

ফখরের নিষেধাজ্ঞায় ওপেনিংয়ে সুযোগ পাবেন ইমন?

খেলা ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ১৭:১৩

ফখর জামানের নিষেধাজ্ঞায় লাহোর কালান্দার্সের ব্যাটিং অর্ডারে হঠাৎই তৈরি হয়েছে শূন্যতা। সেই ফাঁকেই যেন উঁকি দিচ্ছে নতুন সম্ভাবনা। পাকিস্তানি ওপেনারের অনুপস্থিতিতে তৃতীয় ম্যাচেও লাহোরের একাদশে সুযোগ পেতে পারেন পারভেজ ইমন। ব্যর্থতার চাপ পেছনে ফেলে ওপেনিংয়ে দেখা যেতে পারে টাইগার ব্যাটারকে।

ফখর জামানকে লাহোর কালান্দার্সের ‘ঘরের ছেলে’ বলা যায়। পেশওয়ারে জন্ম নেওয়া এই ক্রিকেটার পিএসএলের সব মৌসুম লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন। দলটির হয়ে ৯৯ ম্যাচে ৩০ গড়ে ৩০১৮ রান করেছেন এই বাঁহাতি ওপেনার। তবে নিষেধাজ্ঞায় পড়ায় শততম ম্যাচের অপেক্ষা আপাতত দীর্ঘ হচ্ছে তার।

বল টেম্পারিংয়ের অভিযোগে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ফখর। পিসিবির বিরুদ্ধে পাল্টা আপিল করেও লাভ হয়নি। ফলে মুলতান সুলতানসের বিপক্ষে আজ তাকে পাচ্ছে না বর্তমান চ্যাম্পিয়নরা। ফখর জামানের অনুপস্থিতিই হয়ে উঠতে পারে বাংলাদেশের পারভেজ ইমনের জন্য সোনালী সুযোগ।

অনুশীলন শুরু করেছে লাহোর, কবে যোগ দিবেন ইমন-মোস্তাফিজ

পিএসএলে প্রথমবার খেলতে এসেই একাদশে জায়গা পেয়েছিলেন ইমন। প্রথম দুই ম্যাচে মাত্র ২৬ রান করলেও আজ পুনরায় একাদশে দেখা যেতে পারে ইমনকে। লাহোরের ওপেনিংয়ে নিয়মিত ফখরের সঙ্গী মোহাম্মদ নাইমের জায়গা প্রায় নিশ্চিত, কিন্তু তার সঙ্গী কে হবেন সেটিই এখন বড় প্রশ্ন।

দলে বিকল্প হিসেবে আছেন তরুণ ফারুক, তবে পিএসএলের মঞ্চে অভিষেক করাতে ঝুঁকি নিতে চাইবে না দলটি। তাছাড়া ফারুক ডানহাতি ব্যাটার হওয়ায় ওপেনিংয়ে ডনহাতি-বাঁহাতি কম্বিনেশনের সুযোগ হারাবে লাহোর। তাই বাস্তবতা বলছে, ওপেনিংয়ে মোহাম্মদ নাইমের সঙ্গী হিসেবে পারভেজ ইমনই বেশ এগিয়ে।

বাংলাদেশ জাতীয় দলে ওপেনার হিসেবেই পরিচিত এই বাঁহাতি ব্যাটার। ক্যারিয়ারের বেশিরভাগ ম্যাচেই ইনিংস শুরু করেছেন তিনি। টপ অর্ডার থেকে মিডল অর্ডার—দুই জায়গাতেই খেলার সক্ষমতা থাকায় তাকে দলে নিয়েছে লাহোর। তবে এবার হয়তো তাকে ওপেনিংয়ে সুযোগ দিতে পারে দলটি।

যদি ইমন ওপেনিংয়ে নামেন, তাহলে চার নম্বর পজিশনে নতুন সমীকরণ তৈরি হবে। সেখানে সুযোগ পেতে পারেন তাইয়েব তাহের কিংবা আসিফ আলী। বিকল্প হিসেবে অলরাউন্ডার রায়ান বার্লকেও বিবেচনায় রাখা হতে পারে। এবার দেখার পালা, মুলতান সুলতানসের বিপক্ষে কীভাবে একাদশ সাজায় লাহোর কালান্দার্স।

এমআই