Advertisement
Us Bangla Airlines
চার নম্বরের পরিবর্তে কেন ওপেনিংয়ে পারভেজ ইমন?

চার নম্বরের পরিবর্তে কেন ওপেনিংয়ে পারভেজ ইমন?

খেলা ডেস্ক

০৫ জানুয়ারি ২০২৬, ২০:৪৮

সিলেট টাইটানসের ব্যাটিং অর্ডারে বদলে গেল পারভেজ হোসেন ইমনের অবস্থান। পাঁচ ম্যাচ ধরে চার নম্বরে নেমে দারুণ ফর্মে ছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। রান করেছেন ধারাবাহিকভাবে, ম্যাচ জিতিয়েছেন দলকে। তবু হঠাৎ করেই তাকে আবার দেখা গেল ওপেনিংয়ে। তাতেই প্রশ্ন ওঠেছে, চার নম্বরের পরিবর্তে কেন ওপেনিংয়ে পারভেজ ইমন?

নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ম্যাচের আগ পর্যন্ত সিলেট টাইটানসে ইমনের পরিচয় ছিল মিডল অর্ডারের নির্ভরতার প্রতীক। টানা পাঁচ ম্যাচে চার নম্বরে ব্যাট করে করেছেন ২০১ রান। গড় ৫০.২৫, স্ট্রাইক রেট ১৩৬.৭৩। প্রথম দুই ম্যাচেই ছিল কার্যকর ফিফটি। এই ম্যাচ পর্যন্ত আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন তিনি।

এমন ফর্মের পরও নোয়াখালীর বিপক্ষে তাকে ওপেনিংয়ে পাঠানো হয়। ছোট লক্ষ্য তাড়ায় অবশ্য ব্যর্থ হন ইমন, আউট হন মাত্র ১ রান করে। এক ম্যাচের ব্যর্থতা বড় কিছু নয়, কিন্তু ব্যাটিং পজিশনের এই বদল কৌতূহল বাড়িয়ে দেয়। বিশেষ করে বিশ্বকাপকে সামনে রেখে ইমনকে চারে খেলানোর গুঞ্জন বিষয়টি আরও উসকে দিয়েছে।

ইমনের ব্যাটিং অর্ডারে অদলবদলের ব্যাখ্যা দিয়েছেন সিলেট টাইটানসের কোচ সোহেল ইসলাম। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ইমনকে চারে খেলানোর সিদ্ধান্তটি এসেছে পুরোপুরি দলের প্রয়োজন থেকে, জাতীয় দল থেকে কোনো নির্দেশনা ছিল না। 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কোচ সোহেল ইসলাম বলেন, ‘না, জাতীয় দল থেকে কোনো তথ্যই ছিল না। ওকে যখন চারে ব্যাট করিয়েছি, তখনও কোনো নির্দেশনা আসেনি। এখন ওপেনিংয়ে নামছে আমাদের দলের প্রয়োজনেই।’

এ বিষয়ের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি আরও বলেন, ‘এখন মইন আলি এসেছে, আজমাতউল্লাহ ওমারজাই আছে, ইথান ব্রুকস আছে। মিডল অর্ডারে এখন যে বিদেশিরা আছে, তারা খুবই কার্যকর। আমার মনে হয়েছে, ইমন ফর্মে আছে। ওকে ওপেনিংয়ে খেলালে যত বেশি সময় ক্রিজে থাকবে, তত ভালো হবে।’

এমআই