Advertisement
Us Bangla Airlines
ভারত-অস্ট্রেলিয়াসহ ৭ সিরিজের সূচি ঘোষণা করল বিসিবি

ভারত-অস্ট্রেলিয়াসহ ৭ সিরিজের সূচি ঘোষণা করল বিসিবি

খেলা ডেস্ক

০২ জানুয়ারি ২০২৬, ১৭:৫২

২০২৬ সালে ঘরের মাঠে ব্যস্ত এক সূচির অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষিত সূচি অনুযায়ী বছরজুড়ে একের পর এক শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে টাইগাররা। ওয়ানডে, টি-টোয়েন্টি ও টেস্ট—তিন ফরম্যাট মিলিয়ে ক্রিকেটপ্রেমীদের জন্য থাকছে টানা আন্তর্জাতিক উত্তেজনা।

বছরের শুরুতে মার্চ মাসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান। ১২ মার্চ প্রথম ওয়ানডে দিয়ে শুরু হওয়া এই সিরিজের পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৪ ও ১৬ মার্চ। বিশ্বকাপের পরপরই এই সিরিজ দিয়েই দ্বিপাক্ষিক ব্যস্ততা শুরু করবে বাংলাদেশ।

এপ্রিল ও মে মাসজুড়ে বাংলাদেশের বিপক্ষে লড়াই করবে নিউজিল্যান্ড। সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে কিউইরা। ১৭, ২০ ও ২৩ এপ্রিল তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ২৭ ও ২৯ এপ্রিল এবং ২ মে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

মে মাসেই আবারও বাংলাদেশে ফিরবে পাকিস্তান দল, তবে এবার টেস্ট ক্রিকেটে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দুই দল। প্রথম টেস্ট হবে ৮ থেকে ১২ মে, দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ১৬ থেকে ২০ মে।

জুনে ঢাকায় পা রাখবে অস্ট্রেলিয়া। সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ৫, ৮ ও ১১ জুন তিনটি ওয়ানডে ম্যাচের পর ১৫, ১৮ ও ২০ জুন মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। যদিও একই বছরে টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফর করবে বাংলাদেশও।

এরপর সেপ্টেম্বরে বাংলাদেশের ক্রিকেটে যোগ হবে আরেক বড় অধ্যায়—ভারতের বিপক্ষে সিরিজ। ভারতীয় দল তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফর করবে। ১, ৩ ও ৬ সেপ্টেম্বর ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি সিরিজ হবে ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর।

অক্টোবরে লাল বলের লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ শুরুর আগে ২২ থেকে ২৪ অক্টোবর তিন দিনের একটি ওয়ার্মআপ ম্যাচ খেলবে ক্যারিবীয়রা। প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত। সূচি অনুযায়ী দ্বিতীয় টেস্টের তারিখ ধরা হয়েছে ১৬ থেকে ২০ মে।

এ ছাড়া ভবিষ্যৎ ক্রিকেটারদের প্রস্তুতির অংশ হিসেবে মে মাসে বাংলাদেশ ‘এ’ দল শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে দুটি চারদিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে খেলবে। সবমিলিয়ে ২০২৬ সালটা বাংলাদেশের ক্রিকেটের জন্য হতে যাচ্ছে ঘরের মাঠে কঠিন পরীক্ষা।

একনজরে ২০২৬ সালের বাংলাদেশের হোম সিরিজ

প্রতিপক্ষ ফরম্যাট ম্যাচ তারিখ
পাকিস্তান ওয়ানডে ১ম ১২ মার্চ
পাকিস্তান ওয়ানডে ২য় ১৪ মার্চ
পাকিস্তান ওয়ানডে ৩য় ১৬ মার্চ
নিউজিল্যান্ড ওয়ানডে ১ম ১৭ এপ্রিল
নিউজিল্যান্ড ওয়ানডে ২য় ২০ এপ্রিল
নিউজিল্যান্ড ওয়ানডে ৩য় ২৩ এপ্রিল
নিউজিল্যান্ড টি-টোয়েন্টি ১ম ২৭ এপ্রিল
নিউজিল্যান্ড টি-টোয়েন্টি ২য় ২৯ এপ্রিল
নিউজিল্যান্ড টি-টোয়েন্টি ৩য় ২ মে
পাকিস্তান টেস্ট ১ম ৮–১২ মে
পাকিস্তান টেস্ট ২য় ১৬–২০ মে
অস্ট্রেলিয়া ওয়ানডে ১ম ৫ জুন
অস্ট্রেলিয়া ওয়ানডে ২য় ৮ জুন
অস্ট্রেলিয়া ওয়ানডে ৩য় ১১ জুন
অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি ১ম ১৫ জুন
অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি ২য় ১৮ জুন
অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি ৩য় ২০ জুন
ভারত ওয়ানডে ১ম ১ সেপ্টেম্বর
ভারত ওয়ানডে ২য় ৩ সেপ্টেম্বর
ভারত ওয়ানডে ৩য় ৬ সেপ্টেম্বর
ভারত টি-টোয়েন্টি ১ম ৯ সেপ্টেম্বর
ভারত টি-টোয়েন্টি ২য় ১২ সেপ্টেম্বর
ভারত টি-টোয়েন্টি ৩য় ১৩ সেপ্টেম্বর
ওয়েস্ট ইন্ডিজ ওয়ার্মআপ ২২–২৪ অক্টোবর
ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ১ম ২৮ অক্টোবর–১ নভেম্বর
ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ২য় ১৬–২০ মে
শ্রীলঙ্কা ‘এ’ চারদিনের ২ ম্যাচ মে
শ্রীলঙ্কা ‘এ’ ওয়ানডে ৩ ম্যাচ মে

এমআই