Advertisement
Us Bangla Airlines
অনুশীলন শুরু করেছে লাহোর, কবে যোগ দিবেন ইমন-মোস্তাফিজ

অনুশীলন শুরু করেছে লাহোর, কবে যোগ দিবেন ইমন-মোস্তাফিজ

খেলা ডেস্ক

১৮ মার্চ ২০২৬, ১৩:০৩

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স নেমে গেছে প্রস্তুতির ময়দানে। সামনে পাকিস্তান সুপার লিগ-এর নতুন আসর, আর শিরোপা ধরে রাখার মিশনে শুরু থেকেই সিরিয়াস দলটি। তবে সব প্রস্তুতির মাঝেও ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, কবে দলে যোগ দিচ্ছেন বাংলাদেশের দুই তারকা মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন?

২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া এবারের আসরে প্রথম ম্যাচেই মাঠে নামবে লাহোর। প্রতিপক্ষ হায়দরাবাদ কিংসমেন। সময় কম, চ্যালেঞ্জ বড়। তাই দেরি না করে ইসলামাবাদের স্মার্ট কালান্দার্স হাই পারফরম্যান্স সেন্টারে তিন দিনের কন্ডিশনিং ক্যাম্প শুরু করেছে দলটি।

প্রথম দিন থেকেই অনুশীলনে ছিল ব্যস্ততা আর মনোযোগের ছাপ। উইকেটরক্ষক হাসিবুল্লাহ খান ও টপ অর্ডার ব্যাটার মোহাম্মদ ফারুক ব্যাটিং ড্রিলে ঘাম ঝরিয়েছেন। ম্যাচ পরিস্থিতি তৈরি করে অনুশীলন, ফিটনেস সেশন—সব মিলিয়ে টুর্নামেন্টের আগে নিজেদের ধারালো করে তুলতেই ব্যস্ত লাহোর।

পিএসএলে কত টাকায় দল পেলেন মোস্তাফিজ?

তবে এখনো পুরো স্কোয়াড একসঙ্গে হয়নি। বিশেষ করে বাংলাদেশের দুই প্রতিনিধি মোস্তাফিজ ও ইমন এখনো ক্যাম্পে যোগ দেননি। কবে যোগ দেবেন, সে বিষয়ে পরিষ্কার কিছু জানায়নি দল। ধারণা করা হচ্ছে, ঈদের পরেই তাদের দেখা যেতে পারে শিবিরে। এর সঙ্গে যোগ হয়েছে মোস্তাফিজের চোটের শঙ্কাও।

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে পাওয়া পায়ের চোট কতটা সেরেছে, সেটাও এখন প্রশ্ন। যদিও বিসিবির অসমর্থিত একটি সূত্রে জানা গেছে, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় বড় কোনো সমস্যা ধরা পড়েনি এবং মোস্তাফিজ কোনো গুরুতর অসুবিধা অনুভব করছেন না। চোট পাওয়ার পর তিনি ইতোমধ্যেই নিজ জেলা সাতক্ষীরায় ঈদ উদযাপন করতে গেছেন। 

ঈদের বিরতির পর আরও একটি দুই দিনের ক্যাম্প করার পরিকল্পনাও রয়েছে লাহোরের। যাতে টুর্নামেন্টের আগে সবাই ছন্দে ফিরতে পারে। এই প্রস্তুতি ক্যাম্পে তরুণদের জন্যও খুলে দেওয়া হয়েছে দরজা। প্রধানমন্ত্রীর যুব কর্মসূচি থেকে আসা ক্রিকেটারদেরও সুযোগ দেওয়া হয়েছে নিজেদের প্রমাণ করার।

স্কোয়াডের দিকে তাকালে বোঝা যায়, শক্তিতে ভরপুর লাহোর। অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি-এর নেতৃত্বে আছেন ফখর জামান, হারিস রউফ, সিকান্দার রাজা ও দাসুন শানাকা। বোলিং আক্রমণে গতি ও বৈচিত্র্য, ব্যাটিংয়ে আগ্রাসন সবই আছে। এবার মোস্তাফিজের কাটার আর ইমনের সম্ভাবনাময় ব্যাটিং শৈলী দলের সঙ্গে যুক্ত হওয়ার অপেক্ষায়।

এমআই