পিএসএলে খেলতে গিয়ে নতুন নাম পেলেন ইমন-মোস্তাফিজ
খেলা ডেস্ক
২৫ মার্চ ২০২৬, ১৬:৩৮
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আর আঞ্চলিক নিরাপত্তা শঙ্কার ছায়া মাথায় নিয়েই বৃহস্পতিবার পর্দা উঠছে পিএসএলের নতুন আসরের। তবে নতুন মৌসুমে খেলার আগেই আলোচনায় বাংলাদেশের দুই তারকা মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন। মাঠে নামার আগেই লাহোর কালান্দার্স শিবিরে তারা পেয়েছেন নতুন পরিচয়, নতুন এক ‘বিশেষ নাম’।
দলের ভেতরে আলাদা অনুপ্রেরণা আর বন্ধন তৈরি করতেই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে লাহোর কালান্দার্স। অনুশীলন জার্সিতে ক্রিকেটারদের নিজের নামের বদলে বিশেষণ ব্যবহার করেছে লাহোর ফ্র্যাঞ্চাইজি। সেখানে পারভেজ হোসেন ইমন হয়ে উঠেছেন ‘লাকি’—অর্থাৎ ভাগ্যবান, আর মোস্তাফিজ পেয়েছেন ‘প্রফিটিং’—দলের জন্য লাভজনক এক সম্পদ।
শুধু ইমন-মোস্তাফিজ নন, একইভাবে অন্য ক্রিকেটারদের জার্সিতেও জুড়ে দেওয়া হয়েছে ভিন্ন ভিন্ন পরিচয়। অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি পরিচিত ‘ঈগল’ নামে, যা তার আগের পরিচয়েরই ধারাবাহিকতা। কেউ ‘এক্সপ্লোডার’, কেউ ‘ফেইথফুল’—সব মিলিয়ে দলজুড়ে যেন এক ভিন্ন আবহ।

দলের অভিজ্ঞ সদস্য সিকান্দার রাজার জার্সিতে আবার লেখা ‘কালান্দার্স কা সিকান্দার’—যা তার সঙ্গে লাহোরের গভীর সংযোগেরই প্রতিফলন। এর আগেও তিনি গর্ব করে বলেছিলেন, “আমিই লাহোর কালান্দার্স, লাহোর কালান্দার্স মানেই আমি।”
আগামীকাল উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে লাহোর কালান্দার্স, যেখানে বাংলাদেশের এই দুই ক্রিকেটারের ওপর থাকছে বাড়তি নজর। তবে মাঠে নামার আগে বিশেষ নাম ক্রিকেটারদের মনে বাড়তি প্রেরণা যোগাবে।
এমআই