বিক্রি হয়ে গেল আইপিএলের রাজস্থান রয়্যালস
খেলা ডেস্ক
২৪ মার্চ ২০২৬, ২১:৪০
টি-টোয়েন্টি ক্রিকেটের ঝলমলে আসর আইপিএলে বড়সড় পরিবর্তন। প্রথম আসরের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস এবার মালিকানা বদলের মধ্য দিয়ে নতুন অধ্যায়ে পা রাখল। মার্কিন ব্যবসায়ী কাল সোমানির নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম কিনে নিয়েছে দলটির শতভাগ মালিকানা। এই চুক্তির আর্থিক মূল্য বাংলাদেশি মুদ্রায় ২০ হাজার কোটি টাকারও বেশি।
২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী আসরেই চমক দেখিয়ে শিরোপা জিতেছিল রাজস্থান। এরপর দীর্ঘ অপেক্ষার পর ২০২২ সালে আবার ফাইনালে উঠলেও গুজরাট টাইটান্সের কাছে হেরে রানার্সআপ হয় তারা। মাঠের লড়াইয়ে সাফল্য-ব্যর্থতার গল্প থাকলেও এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে দলটির মালিকানা পরিবর্তন।
জানা গেছে, গত আসর শেষে দলটি বিক্রির সিদ্ধান্ত নেয় বর্তমান মালিকপক্ষ। একাধিক আগ্রহী গোষ্ঠীর প্রস্তাব বিবেচনার পর শেষ পর্যন্ত সোমানির নেতৃত্বাধীন কনসোর্টিয়ামের সঙ্গেই চুক্তি চূড়ান্ত করা হয়। এই কনসোর্টিয়ামে যুক্ত আছেন যুক্তরাষ্ট্রের আরও প্রভাবশালী ব্যবসায়ী, যার মধ্যে রয়েছেন ওয়ালমার্টের কর্ণধার রব ওয়ালটন এবং ফোর্ড পরিবারের প্রতিনিধিরা।
এর আগে দলটির বড় অংশীদার ছিল ইমার্জিং মিডিয়া স্পোর্টিং হোল্ডিংস লিমিটেড, যার নেতৃত্বে ছিলেন মনোজ বাদালে। পাশাপাশি অংশীদার হিসেবে ছিল রেডবার্ড ক্যাপিটাল এবং ল্যাচলান মারডক। অন্যদিকে, ব্লুমবার্গের তথ্য বলছে—যুক্তরাষ্ট্রের বিনিয়োগ প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন আইপিএলে বিনিয়োগে আগ্রহী।
তারা সরাসরি কোনো দল কিনতে না চাইলেও রাজস্থান রয়্যালস কিংবা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখছে। সবমিলিয়ে, রাজস্থান রয়্যালসের এই মালিকানা বদল শুধু একটি দলের নয়; আইপিএলের ক্রমবর্ধমান আর্থিক শক্তিরই আরেকটি বড় উদাহরণ।
এমআই