Advertisement
Us Bangla Airlines
পাকিস্তান সিরিজে ২ এলিট ও ৪ দেশি আম্পায়ার

পাকিস্তান সিরিজে ২ এলিট ও ৪ দেশি আম্পায়ার

খেলা ডেস্ক

০৯ মার্চ ২০২৬, ১৬:৪৭

বাংলাদেশ–পাকিস্তান তিন ম্যাচের একদিনের সিরিজকে সামনে রেখে ম্যাচ পরিচালনাকারীদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঢাকার শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেই হবে সিরিজের তিনটি ম্যাচ। আর এই সিরিজে দায়িত্ব পালন করবেন দুইজন এলিট আম্পায়ারসহ মোট ছয়জন আম্পায়ার।

আগামী বুধবার, ১১ মার্চ শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হবে খেলা। দ্বিতীয় ম্যাচ ১৩ মার্চ এবং শেষ ম্যাচ মাঠে গড়াবে ১৫ মার্চ। পুরো সিরিজে ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন নিয়ামুর রশিদ রাহুল। তবে ঘোষিত তালিকায় নেই আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের নাম।

প্রথম ম্যাচে মাঠের দুই আম্পায়ারের একজন এলিট আম্পায়ার কুমার ধর্মসেনা, অন্যজন বাংলাদেশের গাজী সোহেল। টেলিভিশন আম্পায়ারের দায়িত্বে থাকবেন দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোল্ডস্টক। চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন তানভীর আহমেদ।

১৩ মার্চ দ্বিতীয় ম্যাচে মাঠের আম্পায়ারের ভূমিকায় থাকবেন এলিট আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক ও তানভীর আহমেদ। টেলিভিশন আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন কুমার ধর্মসেনা। আর চতুর্থ আম্পায়ার থাকবেন মাসুদুর রহমান মুকুল।

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আবারও মাঠে দেখা যাবে কুমার ধর্মসেনাকে। তার সঙ্গে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন মাসুদুর রহমান মুকুল। টেলিভিশন আম্পায়ারের দায়িত্বে ফিরবেন আদ্রিয়ান হোল্ডস্টক। আর চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন মোরশেদ আলী খান।

এমআই