Advertisement
Us Bangla Airlines
ফের এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

ফের এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

খেলা ডেস্ক

২৫ মার্চ ২০২৬, ১৭:৫৯

ব্যাংককের মঞ্চে দারুণ আত্মবিশ্বাস আর নিখুঁত শুটিংয়ে ইতিহাসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ। এশিয়া কাপ আর্চারিতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে দেশের কম্পাউন্ড পুরুষ দল। নিশ্চিত হয়েছে অন্তত রৌপ্য পদক। ফাইনালে জিতলে মিলবে সোনা।

বুধবার সেমিফাইনালে টানটান উত্তেজনার লড়াইয়ে ভুটানকে ২৩২-২২৮ পয়েন্টে হারিয়ে ফাইনালের টিকিট কাটে হিমু বাছার, আইশ্বরজো রহমান ও নাওয়াজ আহমেদ রাকিবের ত্রয়ী। স্নায়ুচাপের ম্যাচে শেষ পর্যন্ত স্থিরতা আর নিখুঁত লক্ষ্যভেদেই জয় ছিনিয়ে আনে তারা।

এবার স্বর্ণপদকের লড়াই। প্রতিপক্ষ ভিয়েতনাম, যারা সেমিফাইনালে শক্তিশালী ভারতকে হারিয়ে এসেছে। ফলে ফাইনাল লড়াই যে আরও জমজমাট হতে যাচ্ছে, তা বলাই বাহুল্য। ফাইনালে ওঠার পথে বাংলাদেশের যাত্রাটাও ছিল চোখে পড়ার মতো। এর আগে মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় দলটি।

এই সাফল্যের মধ্য দিয়ে আবারও আলোচনায় ফিরল কম্পাউন্ড পুরুষ দল। ২০২১ সালে গুয়াংজুতে এশিয়া কাপ লেগ-ওয়ানে রৌপ্য জয়ের স্মৃতি এবার নতুন করে উজ্জীবিত করছে তাদের। তখন ফাইনালে দক্ষিণ কোরিয়ার কাছে হেরে স্বর্ণ হাতছাড়া হয়েছিল। এবার সেই আক্ষেপ ঘোচানোর সুযোগ বাংলাদেশের সামনে।

তবে সবার জন্য দিনটি সমান সুখকর ছিল না। বাংলাদেশ কম্পাউন্ড নারী দল হাড্ডাহাড্ডি লড়াই করেও থাইল্যান্ডের কাছে ২৩০-২২৯ পয়েন্টে হেরে বিদায় নেয়। আর রিকার্ভ পুরুষ দলের যাত্রা থেমেছে কোয়ার্টার ফাইনালেই। ভিয়েতনামকে হারিয়ে শেষ আটে উঠলেও কাজাখস্তানের বিপক্ষে ৬-০ সেটে হেরে বিদায় নিতে হয়েছে তাদের।

এমআই