Advertisement
Us Bangla Airlines
সাকিবকে দেশে ফিরতে মানতে হবে যে শর্ত

সাকিবকে দেশে ফিরতে মানতে হবে যে শর্ত

খেলা ডেস্ক

১৭ মার্চ ২০২৬, ২২:৩৪

বাংলাদেশ ক্রিকেটে আবারও আলোচনার কেন্দ্রে সাকিব আল হাসান। রাজনৈতিক পটপরিবর্তনের পর তাঁর দেশে ফেরার সম্ভাবনা নতুন করে আলোচনায় এসেছে, আর এ বিষয়ে এবার স্পষ্ট অবস্থান জানিয়েছে সরকার। সর্বশেষ পাকিস্তান সিরিজেই সাকিবকে দলে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তবে সেটি বাস্তবায়ন হয়নি।

সামনে নিউজিল্যান্ড সিরিজকে ঘিরেও তাঁর ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। সাকিবের নামে থাকা মামলাগুলোর নিষ্পত্তিই এখন দেশে ফেরার প্রধান শর্ত হয়ে দাঁড়িয়েছে। তাঁর আইনজীবীরা ইতোমধ্যে মামলার সংশ্লিষ্ট নথি বিসিবিতে জমা দিয়েছেন, যা পরে পাঠানো হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে।

এ বিষয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, সাকিবের ফেরা একটি রাষ্ট্রীয় সিদ্ধান্তের বিষয়। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সাকিব যদি নিজের নামে থাকা মামলাগুলো ব্যক্তিগতভাবে মোকাবিলা করে নির্দোষ প্রমাণিত হয়ে দেশে ফিরতে পারেন, তাহলে সরকার তাঁর ব্যাপারে নমনীয় অবস্থান নেবে।

এর আগে বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম-ও সাকিবের দ্রুত দেশে ফেরার ব্যাপারে আশাবাদ প্রকাশ করেছেন। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পালাবদলের পর থেকে সাকিব দেশে ফেরেননি। সাবেক সরকারের সময়ে সংসদ সদস্য হওয়া এই অলরাউন্ডারের বিরুদ্ধে পরবর্তীতে একাধিক মামলা হয়।

এমআই