Advertisement
Us Bangla Airlines
শ্রীলঙ্কার প্রধান কোচ হলেন সাবেক টাইগার গুরু জেমি সিডন্স

শ্রীলঙ্কার প্রধান কোচ হলেন সাবেক টাইগার গুরু জেমি সিডন্স

খেলা ডেস্ক

০৫ মার্চ ২০২৬, ১৭:২১

বাংলাদেশ ক্রিকেটে পরিচিত এক নাম জেমি সিডন্স। একসময় টাইগারদের ডাগআউটে যিনি ছিলেন প্রধান কৌশলবিদ, সেই অস্ট্রেলীয় কোচ এবার ফিরছেন ভিন্ন পরিচয়ে। শ্রীলঙ্কা নারী জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন সাবেক এই টাইগার গুরু।

বৃহস্পতিবার এক বিবৃতিতে তাকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। নতুন দায়িত্বে সিডন্সের প্রথম কাজই হবে বাংলাদেশের মাটিতে সিরিজ। আগামী মাসে ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা নারী দল, আর সেই সফরেই প্রধান কোচ হিসেবে দেখা যাবে তাকে।

বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সিডন্সের সম্পর্ক দীর্ঘ দিনের। ২০০৭ বিশ্বকাপের পর দায়িত্ব নিয়ে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশের জাতীয় দলের প্রধান কোচ ছিলেন তিনি। সেই সময়টাতে দলের উন্নয়ন ও কাঠামোগত পরিবর্তনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় পার করে বাংলাদেশ।

এরপরও বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে তার সম্পর্ক শেষ হয়নি। ২০২১ সালে তাকে ব্যাটিং পরামর্শক হিসেবে দলে ফেরায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই দায়িত্বে তিনি কাজ করেন ২০২৩ সাল পর্যন্ত।

আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ঘরোয়া পর্যায়েও রয়েছে তার দীর্ঘ কোচিং অভিজ্ঞতা। ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি সাউথ অস্ট্রেলিয়া দলের কোচ ছিলেন। এর আগে ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন নিউজিল্যান্ডের ওয়েলিংটন ফায়ারবার্ডস দলের কোচ হিসেবে।

নতুন দায়িত্বে আগামী ১৬ মার্চ থেকে এক বছরের জন্য শ্রীলঙ্কা নারী জাতীয় দলের প্রধান কোচ হিসেবে কাজ শুরু করবেন সিডন্স।

এমআই