Advertisement
Us Bangla Airlines
ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে ট্রাম্পের নতুন বার্তা

ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে ট্রাম্পের নতুন বার্তা

খেলা ডেস্ক

০৪ মার্চ ২০২৬, ১৯:২৯

বিশ্ব রাজনীতির তপ্ত প্রেক্ষাপটে ফুটবল বিশ্বকাপও যেন ঢুকে পড়েছে কূটনৈতিক বিতর্কে। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপ। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ইরান আসন্ন বিশ্বকাপে খেলবে কি না, তা নিয়ে তিনি ‘একদমই চিন্তিত নন’।

বিশ্বকাপ শুরুর আর মাত্র তিন মাস বাকি। এমন সময়ে মার্কিন সাময়িকী পলিটিকোকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ইরান খেলার সুযোগ পাচ্ছে কি না, আমি সত্যিই তা নিয়ে ভাবছি না। আমার মতে, ইরান এখন পরাজিত একটি দেশ। তারা প্রায় শক্তিহীন।’

ট্রাম্পের এই মন্তব্য এসেছে এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্র দেশগুলোকে লক্ষ্য করে পাল্টা আঘাত হানছে। ফলে রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে, আর সেই প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনেও।

টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ইরান। ‘জি’ গ্রুপে থাকা দলটি ১৫ জুন ক্যালিফোর্নিয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে। ২১ জুন একই ভেন্যুতে প্রতিপক্ষ বেলজিয়াম। এরপর ২৬ জুন সিয়াটলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের সামনে থাকবে মিসর।

তবে পরিস্থিতি ঘোলাটে। গত বছর যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালালেও দেশটি প্রতিযোগিতা থেকে সরে যায়নি। কিন্তু বর্তমান উত্তেজনা আরও তীব্র।

ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ ক্রীড়া পোর্টাল ভার্জ থ্রিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘এই হামলার পর বিশ্বকাপ নিয়ে আমাদের আশাবাদী হতে বলা যায় না। যুক্তরাষ্ট্র আমাদের মাতৃভূমিতে আঘাত করেছে। এর জবাব আসবে। ক্রীড়া-সংশ্লিষ্ট কর্তৃপক্ষই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবে।’

এদিকে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সাধারণ সম্পাদক মাটিয়াস গ্রাফস্ট্রম ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে জানিয়েছেন, ‘আমাদের লক্ষ্য এমন একটি নিরাপদ বিশ্বকাপ আয়োজন করা, যেখানে সবাই অংশ নিতে পারবে।’

এমআই