Advertisement
Us Bangla Airlines
বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সূচি প্রকাশ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সূচি প্রকাশ

খেলা ডেস্ক

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:০৩

অবশেষে প্রকাশিত হলো বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের পূর্ণ সূচি। আগামী আগস্টে অস্ট্রেলিয়ার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ২০১৭ সালের পর প্রথমবার সাদা পোশাকে মুখোমুখি হচ্ছে দুই দল। অজিদের মাটিতে বাংলাদেশ টেস্ট খেলবে প্রায় ২৩ বছর পর।

ডারউইনের মারারা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ১৩-১৭ আগস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট ২২-২৬ আগস্ট, ম্যাককের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় অনুষ্ঠিত হবে। এই ভেন্যুতে এবারই প্রথমবারের মতো টেস্ট ক্রিকেট আয়োজন করা হচ্ছে।

ডারউইনে দীর্ঘ বিরতির পর ফিরছে লাল বলের আন্তর্জাতিক ক্রিকেট। এর আগে ২০০৩ সালে বাংলাদেশের বিপক্ষে এবং ২০০৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে এখানে টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। অস্ট্রেলিয়ার মাটিতে এটি হবে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট সফর। প্রথমবার দুই দল সেখানে মুখোমুখি হয়েছিল ২০০৩ সালে।

আসন্ন এই সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রের অন্তর্ভুক্ত। ফলে দুই দলের জন্যই এটি গুরুত্বপূর্ণ পয়েন্টের লড়াই। উল্লেখ্য, ডারউইন ও ম্যাককে—দুটি ভেন্যুই গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাদা বলের টপ এন্ড সিরিজ আয়োজন করেছিল।

বাংলাদেশ সিরিজ শেষে অস্ট্রেলিয়া যাবে দক্ষিণ আফ্রিকায়, সেখানে তিনটি টেস্ট খেলবে স্বাগতিকদের বিপক্ষে। এরপর জিম্বাবুয়েতে তিনটি ওয়ানডে খেলবে তারা। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টও রয়েছে তাদের সূচিতে।

এমআই