ওয়ানডে বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কায় বাংলাদেশ
খেলা ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২৪
নিরাপত্তা জটিলতায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললেও ২০২৮ বিশ্বকাপের টিকিট কেটে ফেলেছে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে সেরা বারোতে থাকায় বাছাইপর্ব ছাড়াই বিশ্বকাপ খেলবেন টাইগাররা। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত হলেও ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে শঙ্কায় বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ায় মিরাজদের সামনে এখন জটিল সমীকরণ।
দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের মাটিতে বসবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। আইসিসির নিয়ম বলছে, নির্ধারিত সময়সীমার মধ্যে র্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকতে পারলেই মিলবে সরাসরি খেলার টিকিট। সেই কাট-অফ তারিখ আগামী বছরের ৩১ মার্চ। বর্তমানে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান দশম। অর্থাৎ সরাসরি যোগ্যতা অর্জনের লাইনের বাইরে রয়েছে মিরাজের দল।
স্বাগতিক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে এমনিতেই খেলবে। নিয়ম অনুযায়ী, স্বাগতিকদের কেউ যদি শীর্ষ আটে থাকে, তাহলে নবম বা দশম স্থানের দল সুযোগ পেতে পারে। কিন্তু বর্তমান বাস্তবতায় জিম্বাবুয়ে আছে ১১ নম্বরে। ফলে হিসাব কষলে বাংলাদেশের কার্যত অবস্থান দাঁড়াচ্ছে ১১তম লাইনে। তাতে টাইগারদের পথটা আরও কঠিন হয়ে পড়ছে।
ওয়ানডেতে এককালে দুর্দান্ত পারফর্ম করা বাংলাদেশের বর্তমান অবস্থা বেশ নাজুক। আগামীতে পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে হোম সিরিজ খেলবে টাইগাররা। পাশাপাশি আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের মাটিতে খেলতে হবে অ্যাওয়ে সিরিজ। মিরাজদের জন্য সামনে কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে। কারণ, প্রতিটি পয়েন্ট এখন সোনার চেয়েও দামি।
এদিকে সুখবর এসেছে টি-টোয়েন্টি ফরম্যাটে। চলমান বিশ্বকাপের সেরা আট দল এবং ৯ মার্চ পর্যন্ত র্যাঙ্কিংয়ের ভিত্তিতে আরও চার দল—মোট ১২ দল ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ সরাসরি খেলবে। সেই তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশ। ইতোমেধ্যে এই তথ্য নিশ্চিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইসিসি।
এমআই