‘ক্রিকেট বোর্ডের নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল’
খেলা ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৪৭
রাজনীতির পালাবদলের পর ক্রীড়াঙ্গনেও বইছে পরিবর্তনের হাওয়া। নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে প্রথম সংবাদ সম্মেলনেই স্পর্শকাতর কয়েকটি ইস্যুতে মুখ খুললেন আমিনুল হক। বিশেষ করে বিসিবি নির্বাচন, সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তাজা নিয়ে কথা বলেছেন তিনি।
গেল মাসে সাকিবের জাতীয় দলে ফেরার আলোচনা জোরালো হয়। রাজনৈতিক প্রেক্ষাপট বদলানোর পর বিষয়টি আবার সামনে আসে। এ প্রসঙ্গে আমিনুল বলেন, ‘সাকিব-মাশরাফির বিষয়টি রাষ্ট্রীয়ভাবে দেখা হবে। আমরা এই ব্যাপারে নমনীয় থাকব। তাদের যে মামলা আছে, সেসব নিয়ে রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত হবে। আমরা চাই সাকিব ফিরে আসুক।’
আমিনুল জানান, যেহেতু দুজনের বিরুদ্ধেই মামলা রয়েছে, রাষ্ট্রীয় প্রক্রিয়ার মাধ্যমেই দ্রুত সমাধান করে তাদের মাঠে ফেরানোর পথ সুগম করতে চান তারা। তিনি বলেন, ‘আমরাও চাই, বাংলাদেশের ক্রিকেটে সাকিব-মাশরাফি ফিরে আসুক।’
তবে শুধু তারকাদের প্রত্যাবর্তন নয়, বোর্ড রাজনীতিও এদিন আলোচনায় উঠে আসে। ঢাকার ক্লাব সংগঠকদের বিরোধে কয়েক মাস ধরেই অস্থিরতা চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। বর্তমান বোর্ডের অধীনে কোনো ঘরোয়া লিগে অংশ নেয়নি ৪৫টি ক্লাব।
এই প্রেক্ষাপটে আমিনুল আরও বলেন, ‘ক্রিকেট বোর্ডের নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল। এটা আমি আগে থেকেই বলে আসছি। এটা নিয়ে আমরা বসব, আলোচনা করব। আমরা ভালোর দিকে যেতে চাই এবং দ্রুত সময়ের ভেতরে পদক্ষেপ নেব।’
এমআই