Advertisement
Us Bangla Airlines
লিটন-সাইফরা ভারতেই বিশ্বকাপ খেলতে চেয়েছিল!

লিটন-সাইফরা ভারতেই বিশ্বকাপ খেলতে চেয়েছিল!

খেলা ডেস্ক

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৭

বাংলাদেশ ক্রিকেটে নতুন বিতর্ক জন্ম নিয়েছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সিইও আশরাফুল হক সম্প্রতি বিশ্বকাপ নিয়ে একটি বিস্ফোরক দাবি করেছেন। তার মতে, বাংলাদেশের ক্রিকেটাররা আসলে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে আগ্রহী ছিলেন।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যখন টুর্নামেন্টে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিল, তখন নাকি খেলোয়াড়দের সঙ্গে কোনও রকম আলোচনা করা হয়নি বা তাঁদের মতামত নেওয়া হয়নি। এই সিদ্ধান্তের ফলে মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় সুযোগ পায় স্কটল্যান্ড। বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে নতুন বিতর্ক।

এর আগে বাংলাদেশ সরকার জানিয়েছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত খেলোয়াড় ও বিসিবির মধ্যে নেওয়া হয়েছিল। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, বোর্ড ও ক্রিকেটাররা দেশের স্বার্থের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন। 

রেভস্পোর্টজকে দেওয়া এক সাক্ষাৎকারে আশরাফুল হক সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরেছেন। তিনি অভিযোগ করেছেন, ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল একাধিকবার নিজের বক্তব্য পরিবর্তন করেছেন এবং শেষ পর্যন্ত ক্রিকেটার ও বোর্ডকে ‘বলির পাঁঠা’ বানিয়েছেন।

আশরাফুলের বলেন, ‘আসিফ নজরুল প্রথমে বলেছিলেন, খেলোয়াড় ও দল এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু দু’দিন পর আবার বলেন, এটা সরকারের সিদ্ধান্ত। কারণ খেলোয়াড়রা চাপ দিয়ে জানায় তারা এমন কোনও কথা বলেনি। আমি নিশ্চিত জানি, খেলোয়াড়রা সব সময়ই ভারতে গিয়ে খেলতে চেয়েছিল। তাদের মতামত নেওয়া হয়নি।’

কয়েক দিন আগে আসিফ নজরুল প্রকাশ্যে জানিয়েছিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ার বিষয়ে কোনও আক্ষেপ নেই। তাঁর মতে, দেশের ক্রিকেটের নিরাপত্তা, সাধারণ মানুষের সুরক্ষা এবং জাতীয় মর্যাদা রক্ষার স্বার্থে ক্রিকেটার ও বোর্ড এই ‘ত্যাগ’ স্বীকার করেছে। যদিও আগে বলেছিলেন ভিন্ন কথা।

এই পরস্পরবিরোধী বক্তব্য ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে—টি-টোয়েন্টি বিশ্বকাপ না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত আসলে কার ছিল এবং কেন খেলোয়াড়দের মতামত নেওয়া হয়নি।

এমআই