Advertisement
Us Bangla Airlines
শেষবেলায় পিএসএলে দল পেলেন থিকশানা

শেষবেলায় পিএসএলে দল পেলেন থিকশানা

খেলা ডেস্ক

২৫ মার্চ ২০২৬, ১৮:৩৬

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরুর ঠিক আগে দল পেলেন শ্রীলঙ্কার রহস্য স্পিনার মাহিশ থিকশানা। নতুন ফ্র্যাঞ্চাইজি হায়দরাবাদ কিংসমেন তাকে দলে ভিড়িয়ে শক্তি বাড়িয়েছে। সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ফ্র্যাঞ্চাইজিটি জানায়, চতুর বোলার মাহিশ থিকশানা এখন আমাদের পরিবারের অংশ।

আসরের আগে স্কোয়াড গোছাতে ব্যস্ত সব দলই, তবে নতুন দল হিসেবে হায়দরাবাদ কিংসমেনের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। সেই দৌড়েই বড় এক সংযোজন হিসেবে তারা দলে টেনেছে থিকশানাকে।  মাত্র ২৫ বছর বয়সেই টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন থিকশানা।

আন্তর্জাতিক অঙ্গনে ৮৩ ম্যাচে তার শিকার ৮২ উইকেট, ইকোনমি ৭.০৮। যা টি-টোয়েন্টি ফরম্যাটে বেশ কার্যকর বলাই চলে। আর সব মিলিয়ে ২২৫ টি-টোয়েন্টিতে ২৩০ উইকেট নেওয়া এই স্পিনারের ইকোনমি ৭.০৭। সংখ্যাগুলোই বলে দেয় মাঝের ওভারে তিনি কতটা নির্ভরযোগ্য।

বিশ্বের প্রায় সব বড় ফ্র্যাঞ্চাইজি লিগেই খেলেছেন থিকশানা। আইপিএল থেকে শুরু করে আইএলটি টোয়েন্টি, সিপিএল, এসএ টি-টোয়েন্টি, এলপিএল—সব জায়গাতেই রয়েছে তার অভিজ্ঞতার ছাপ। সেই অভিজ্ঞতাই এবার কাজে লাগাতে চায় হায়দরাবাদ কিংসমেন।

প্রথমবারের মতো পিএসএলে অংশ নিচ্ছে দলটি। তাই শুরু থেকেই ভারসাম্যপূর্ণ স্কোয়াড গড়া ছিল তাদের জন্য বড় চ্যালেঞ্জ। ইতোমধ্যেই দলে ভিড়িয়েছেন মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, কুসাল পেরেরা ও সাইম আইয়ুবের মতো তারকাদের। এবার থিকশানার সংযোজন সেই শক্তিকে আরও একধাপ এগিয়ে দিল।

এবারের পিএসএলও বেশ ব্যতিক্রমী। প্রথমবারের মতো অংশ নিচ্ছে আটটি দল, নতুন হিসেবে যোগ হয়েছে হায়দরাবাদ কিংসমেন ও রাওয়ালপিন্ডিজ। ২৬ মার্চ শুরু হয়ে ৩ মে পর্যন্ত চলবে ৩৯ দিনের এই আসর, যেখানে অনুষ্ঠিত হবে মোট ৪৪টি ম্যাচ।

এমআই