Advertisement
Us Bangla Airlines
তামাকের সঙ্গে জড়িত ধোনি!

তামাকের সঙ্গে জড়িত ধোনি!

খেলা ডেস্ক

১৮ মার্চ ২০২৬, ১১:২৮

ভারতীয় ক্রিকেটের এক কিংবদন্তি নাম মহেন্দ্র সিংহ ধোনি। মাঠে তাঁর ঠান্ডা মাথা, নিখুঁত সিদ্ধান্ত আর নেতৃত্বগুণের গল্প বারবার অনুপ্রেরণা জুগিয়েছে। তবে এবার আলোচনার কেন্দ্রে ব্যাট-বলের বাইরের এক বিতর্ক। নিয়মিত তামাক (হুঁকো) সেবন করেন নাকি ভারতের সাবেক এই অধিনায়ক। এমনকি এর জন্য নির্দিষ্ট কর্মীও রাখেন তিনি।

ধোনিকে ঘিরে এই অভিযোগ নতুন নয়। অতীতে ইরফান পাঠান ও মনোজ তিওয়ারির মতো প্রাক্তন ক্রিকেটাররাও একই দাবি তুলেছিলেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার স্যাম বিলিংস, যিনি ২০১৮ ও ২০১৯ সালে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন।

এক সাক্ষাৎকারে বিলিংস জানান, আইপিএলের সময় হোটেলে ধোনির জন্য আলাদা করে একজন ‘সীসা ম্যান’ থাকতেন। তাঁর কাজই ছিল হুঁকোর কাচের পাত্র বা সীসার দেখভাল করা এবং সেটি প্রস্তুত রাখা। বিলিংসের ভাষায়, ‘ধোনির ঘরে একজন নির্দিষ্ট লোক থাকত, যার একমাত্র দায়িত্ব ছিল হুঁকোর ব্যবস্থা করা।’

তবে এখানেই থামেননি ইংরেজ ক্রিকেটার। ধোনির ব্যক্তিত্ব নিয়ে কথা বলতে গিয়ে তিনি যেন একেবারেই ভিন্ন সুরে। বিলিংস স্পষ্ট করেছেন, ধোনি কখনও কাউকে হুঁকো খাওয়ার জন্য চাপ দিতেন না। বরং তাঁর চোখে ধোনি এক অনন্য নেতা—শান্ত, সংযত এবং অসাধারণ মানুষ।

বিলিংস বলেন, ‘নেতৃত্ব ও ব্যক্তিত্বের জন্য ধোনি আলাদা। এত বড় তারকা হয়েও তিনি ভীষণ সাধারণ। আমার মতোই ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থক। আমরা একসঙ্গে বসে ম্যাচ দেখতাম। সতীর্থ বা নিজের ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে ঘরেই নিয়মিত আড্ডা মারে। ধোনির ঘরের দরজা বন্ধু-সতীর্থদের জন্য সব সময় খোলা থাকে।’

উল্লেখ্য, ভারতে এ জাতীয় তামাক (হুঁকো) সেবন নিষিদ্ধ নয় এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও এর ব্যবহার দেখা যায়। তবে স্বাস্থ্যের জন্য এর ক্ষতিকর দিক নিয়ে বিশেষজ্ঞদের সতর্কবার্তাও রয়েছে।

এমআই