ভারতে বিশ্বকাপ ভেন্যুর নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন
খেলা ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০৫
টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঠেও ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন। বৃহস্পতিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এক দর্শক নিরাপত্তা এড়িয়ে সরাসরি হার্দিক পান্ডিয়ার কাছে পৌঁছে যান। বিনা বাধায় অলরাউন্ডারকে জড়িয়ে ধরে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। এতেই স্টেডিয়ামের নিরাপত্তা নিয়ে নানান সমালোচনা চলছে ক্রিকেট পাড়ায়।
ভারতের ক্রিকেট ইতিহাসে আন্তর্জাতিক ম্যাচ, আইপিএল বা ঘরোয়া লিগ—সব ক্ষেত্রেই এমন অনুপ্রবেশের ঘটনা দেখা গেছে। বৃহস্পতিবারও নামিবিয়ার বিরুদ্ধে চলা ম্যাচে নিরাপত্তা ব্যবস্থার ফাঁক ফুঁটে মাঠে ঢুকে পড়া দর্শক হার্দিক ও অধিনায়ক সূর্যকুমার যাদবের কাছে পৌঁছান।
ভিডিওতে যেটুকু দৃশ্য দেখা যায়, হার্দিক ও সূর্যকুমার খেলোয়াড়দের নিরাপত্তা ভাঙার এ ধরনের ঘটনার মাঝে যথেষ্ট শান্ত থাকেন এবং দর্শককে সেভাবে মাঠের বাইরে পাঠানোর নির্দেশ দেন। ভিডিও ভাইরাল হওয়ায় আবারও ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
এর আগে ২০২৩ সালের এক দিনের বিশ্বকাপ এবং গত বছরের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে একই ধরনের ঘটনা ঘটেছিল। হার্দিক, কোহলি ও রোহিত শর্মার মতো জনপ্রিয় ক্রিকেটাররা একাধিকবার ভক্তদের হাতে নিরাপত্তার ফাঁক দেখেছেন। ফলে দেশের ক্রিকেট ভেন্যুতে ক্রিকেটারদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
উল্লেখ্য, মাঠে নিরাপত্তার চাদর ভাঙলেও নামিবিয়ার বিপক্ষে এই ম্যাচে হার্দিক পান্ডিয়া ব্যাট হাতে ২৮ বলে ৫২ রান এবং বল হাতে ২১ রানে ২ উইকেট নেন। ম্যাচ শেষে ম্যান অফ দ্য ম্যাচ হন তিনি।
এমআই