আট বছর পর ফিরে চমক দেখালেন মোস্তাফিজ
খেলা ডেস্ক
২৭ মার্চ ২০২৬, ১৮:৪০
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লম্বা সময় ধরে খেলেননি মোস্তাফিজুর রহমান। আট বছর পর এবারই প্রথম ফিরলেন পিএসএলের দোরগোড়ায়। সেটাও হয়েছে অবশ্য নানান নাটকীয়তায়। আইপিএলের নিলাম থেকে ১২ কোটি টাকায় মোস্তাফিজকে কিনে ছেড়ে দেয় কলকাতা। সেই সুযোগই লুফে নিয়েছে পিএসএলের বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স।
আইপিএল থেকে অন্যায়ভাবে বাদ পড়া মোস্তাফিজকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে লাহোর। এতে আইপিএলের তুলনায় দাম কমলেও সম্মানটা অটুট থেকেছে মোস্তাফিজের। কাটার মাস্টারকে অবশ্য ‘বিশেষ’ হিসেবেই দেখছেন লাহোরের মালিক সামিন রানা। গতকাল পিএসএলের উদ্বোধনী ম্যাচে সেই বিশেষত্বের পরিচয় দিয়েছেন মোস্তাফিজুর রহমান।
আট বছর পর ফিরে পিএসএলে প্রত্যাবর্তনটা স্মরণীয় করে রাখলেন দ্য ফিজ। হায়দরাবাদের বিপক্ষে নিজের প্রথম ম্যাচে ঝলক দেখিয়েছেন টাইগার কাটার মাস্টার। ম্যাচে মোট ২৬টা বল করেছেন (একটা ওয়াইড, একটা নো বল); যেখানে একটা বলেও বাউন্ডারি হজম করেননি তিনি।
দলের জয়ের দিনে সবচেয়ে মিতব্যয়ী বোলারও ছিলেন এই পেসার। চার ওভারে খরচ করেছেন মাত্র ১৯ রান, যা ওভার প্রতি পাঁচ রানেরও কম। প্রতিপক্ষের রান আটকেই কেবল ক্ষান্ত থাকেননি, এনে দিয়েছেন ব্রেক থ্রু। ব্যক্তিগত দ্বিতীয় ওভারে স্লোয়ার কাটারেই উঠতি তারকা ইরফান খান নিয়াজিকে ক্যাচ আউট করে ফেরান মোস্তাফিজ।
পুরো ম্যাচে স্লোয়ার বলের মহড়া দিয়েছেন লাহোরের ‘লাভজনক’ নাম পাওয়া মোস্তাফিজ। নিজের করা ২৬ বলের ১৩টাই করেছেন স্লোয়ার। বিশেষ অস্ত্র হিসেবে পরিচিত ‘কাটার’ করেছেন কেবলই চারটা বল। অর্থাৎ ম্যাচের কন্ডিশন অনুযায়ী মোস্তাফিজের বল করা যেন রাজত্বের বার্তা দিয়েছে।
পাওয়ার প্লেতে নিজের প্রথম ওভার করেছেন মোস্তাফিজ। দর্শক শূন্য এই ম্যাচের প্রাণ ছিলেন ধারাভাষ্যকাররা। মোস্তাফিজ বোলিংয়ে আসতে কমেন্ট্রি বক্স থেকে যেন মধু ঝরেছে। কেউ ভরসার প্রতীক, কেউ বুদ্ধিমান, কেউ অভিজ্ঞ—বাকিরা মোস্তাফিজকে নানান উপাধিতে প্রশংসায় ভাসিয়েছেন। ম্যাচে শাহিন শাহ আফ্রিদির আস্থার প্রতিদানই দিলেন মোস্তাফিজ।
ম্যাচে নিজে উইকেট তুলেছেন, কিপটে বোলিং করে বাকিদের উইকেট তুলতে সহায়তা করেছেন। তাতে চলতি মৌসুমের প্রথম ম্যাচেই ৬৯ রানের বড় জয় পেয়েছে লাহোর কালান্দার্স। এবার টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে ধারাবাহিকতা বজায় রাখার পালা।
এমআই