বিসিবির নির্বাচক পদে আসছেন সাবেক দুই ক্রিকেটার
খেলা ডেস্ক
১২ মার্চ ২০২৬, ২০:১৬
বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক প্যানেলে আসতে যাচ্ছে পরিবর্তন। বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর মেয়াদ চলতি মাসেই শেষ হচ্ছে। নতুন করে দায়িত্ব দেওয়ার আগে বিকল্প খুঁজতে ইতিমধ্যে প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর সেই প্রক্রিয়ায় এগিয়ে আছেন দেশের ক্রিকেটের দুই সাবেক পরিচিত মুখ।
নতুন প্রধান নির্বাচক হিসেবে সবচেয়ে এগিয়ে আছেন সাবেক জাতীয় অধিনায়ক হাবিবুল বাশার সুমন। বিসিবির নেওয়া সাক্ষাৎকার পর্বে তিনি অন্যদের চেয়ে এগিয়ে থাকায় প্রায় নিশ্চিতভাবেই তিনিই দায়িত্ব নিতে যাচ্ছেন বলে বোর্ড সূত্রে জানা গেছে।
এর আগে নির্বাচক পদের জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল বিসিবি। গত ৮ মার্চ শেষ হয় আবেদনের সময়সীমা। মোট ১৬ জন আবেদন করেন এই পদগুলোর জন্য। আবেদনকারীদের মধ্য থেকেই আজ সাক্ষাৎকার নেওয়া হয়। সহকারী নির্বাচকের পদেও আলোচনায় রয়েছেন দুই সাবেক ক্রিকেটার— তুষার ইমরান এবং নাইম ইসলাম।
বিসিবির পছন্দের তালিকায় দুজনই থাকলেও বিশ্বস্ত সূত্রের তথ্য, দৌড়ে সামান্য এগিয়ে আছেন নাইম ইসলাম। সে হিসেবে সহকারী নির্বাচকের দায়িত্ব পাওয়ার সম্ভাবনা তাঁরই বেশি। তবে এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি। বিষয়টি নিয়ে বোর্ডের আরেকটি বৈঠক হওয়ার পরই নির্বাচক নিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারে বিসিবি।
আজকের সাক্ষাৎকার পর্বে বিসিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন চার পরিচালক ফারুক আহমেদ, খালেদ মাসুদ পাইলট, নাজমুল আবেদিন ফাহিম এবং আব্দুর রাজ্জাক।
এমআই