Advertisement
Us Bangla Airlines
কোয়ার্টার ফাইনাল, বিশ্বকাপ নিয়ে এখনই ভাবছেন না বাংলাদেশ

কোয়ার্টার ফাইনাল, বিশ্বকাপ নিয়ে এখনই ভাবছেন না বাংলাদেশ

খেলা ডেস্ক

০৫ মার্চ ২০২৬, ২২:৩৯

এশিয়া কাপে বাংলাদেশের অভিষেক ম্যাচেই দেখা গেছে লড়াকু ফুটবল। এশিয়ার শক্তিশালী দল চীন নারী জাতীয় ফুটবল দলের বিপক্ষে লড়াই করে ২–০ গোলে হারলেও পারফরম্যান্সে প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল। সেই ম্যাচের পর অনেকেই স্বপ্ন দেখছেন কোয়ার্টার ফাইনালের। আর সেখানে পৌঁছাতে পারলে খুলে যেতে পারে বিশ্বকাপের পথও।

তবে বাস্তবতার মাটিতেই থাকতে চান বাংলাদেশের কোচ পিটার বাটলার। বৃহস্পতিবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই মুহূর্তে কোয়ার্টার ফাইনাল বা বিশ্বকাপ নিয়ে ভাবছেন না তিনি। বাটলারের ভাষায়, প্রতিটি ম্যাচকে সামনে আসা চ্যালেঞ্জ হিসেবেই দেখেন তিনি।

বাটলার বলেন, ‘আমরা এখানে আকাশকুসুম কল্পনা নিয়ে আসিনি যে আমরা বিশ্বকাপে জায়গা করে নেব। আমি চাই প্রতিটি ম্যাচে মেয়েরা উন্নতি করুক, শিখুক। এই টুর্নামেন্ট তাদের জন্য শেখার বড় একটি সুযোগ।’

দক্ষিণ এশিয়ার দল হওয়ায় বাংলাদেশকে বেশিরভাগ সময় খেলতে হয় সাফ অঞ্চলের প্রতিযোগিতায়। সেই অভিজ্ঞতার তুলনায় এশিয়ার সর্বোচ্চ পর্যায়ের এই টুর্নামেন্টকে অনেক বেশি চ্যালেঞ্জিং বলেই মনে করছেন কোচ।

বাটলারের মতে, সাফ পর্যায়ের ফুটবল আর এশিয়ান ফুটবল কনফেডারেশনের প্রতিযোগিতার মধ্যে বড় পার্থক্য রয়েছে। এখানকার মাঠ, অনুশীলনের সুবিধা ও প্রতিপক্ষের মান—সবকিছুই অনেক বেশি পেশাদার এবং উন্নত। তাই এমন টুর্নামেন্ট থেকে ছোট দলগুলোর শেখার অনেক কিছু আছে বলেও মনে করেন তিনি।

এদিকে বাংলাদেশের গ্রুপে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ উত্তর কোরিয়া নারী জাতীয় ফুটবল দল। তাদের নিয়ে বাটলার বলেন, ‘আমরা আবার এমন একটি দলের মুখোমুখি হচ্ছি যারা খুবই শক্তিশালী। তারা টেকনিক্যালি দুর্দান্ত এবং প্রতিভাবান দল। ফিফা র‍্যাঙ্কিং দেখলেই বোঝা যায়, তারা এই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট।’

চীন ম্যাচে বাংলাদেশের গোলপোস্ট সামলেছিলেন গোলরক্ষক মিলি আক্তার। তাকে নিয়ে মজার ছলেই প্রশংসা করেন কোচ। বাটলার বলেন, মিলির মধ্যে এলভিস প্রিসলির মতো স্টাইল রয়েছে, বিশেষ করে তার চুলের স্টাইল নাকি এই টুর্নামেন্টে সেরা।

এমআই