Advertisement
Us Bangla Airlines
রোনানকে বাকিরা কেন পাস দেননি, চটলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

রোনানকে বাকিরা কেন পাস দেননি, চটলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

খেলা ডেস্ক

২৫ মার্চ ২০২৬, ১২:৫০

যুব সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচেই দাপুটে সূচনা করেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে ম্যাচের সব আলো কেড়ে নেন রোনান বেঞ্জামিন সুলিভান। যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা এই বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার লাল-সবুজের জার্সিতে জোড়া গোল করে হয়ে ওঠেন জয়ের নায়ক।

এই জয়ের পর দলকে অভিনন্দন জানালেও কিছু বিষয় নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন জাতীয় দলের সাবেক গোলকিপার ও বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি মনে করিয়ে দিয়েছেন—ফুটবলে সাফল্যের চাবিকাঠি ব্যক্তিগত নয়, দলগত পারফরম্যান্স।

তিনি লেখেন, সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে উদ্বোধনী ম্যাচে জয়ের জন্য দলকে অভিনন্দন। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ‘ফুটবলে সাফল্য ব্যক্তিগত নৈপুণ্যে নয়, বরং দল হিসেবে একে অপরের জন্য লড়াই করার মধ্য দিয়েই আসে।’

তবে ম্যাচের নায়ক সুলিভানকে ঘিরেই যেন তার আক্ষেপটা বেশি। ফ্রি-কিক ও হেড থেকে দুটি চমৎকার গোল করা এই ফরোয়ার্ডকে আরও সুযোগ দেওয়া যেত বলেই মনে করেন তিনি। আমিনুলের ভাষায়, ‘আজকের জয়ের নায়ক রোনানকে আরও বেশি বল দেওয়া উচিত ছিল। কিন্তু টিম কম্বিনেশন ও কমিউনিকেশনের কিছু ঘাটতি চোখে পড়েছে।’

দেশের বাইরে বেড়ে ওঠা খেলোয়াড়দের প্রতি কোনো ভেদাভেদ না করার বার্তাও দেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন, ‘মাঠে সবাইকে সমান আস্থা নিয়ে খেলতে হবে। সে স্থানীয় হোক বা প্রবাসী বংশোদ্ভূত। যারা লাল-সবুজের জার্সি গায়ে জড়ায়, তারা সবাই বাংলাদেশি।’

সবশেষে দেশের স্বার্থকে সবার ওপরে রাখার আহ্বান জানিয়ে আমিনুল হক বলেন, ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের সাফল্যই বড়। আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে যেতে হলে এই মানসিকতাই সবচেয়ে জরুরি।

এমআই