Advertisement
Us Bangla Airlines
বিপজ্জনক পিচের কারণে বাতিল হলো ম্যাচ!

বিপজ্জনক পিচের কারণে বাতিল হলো ম্যাচ!

খেলা ডেস্ক

২২ এপ্রিল ২০২৬, ২২:৩৩

ক্রিকেট মাঠে এমন দৃশ্য খুব কমই দেখা যায়। পিচের আচরণই যখন হয়ে ওঠে সবচেয়ে বড় প্রতিপক্ষ, তখন খেলা চালিয়ে নেওয়া অসম্ভব হয়ে পড়ে। ঠিক তেমনই এক ঘটনায় ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেটের একটি ম্যাচ মাঝপথেই বন্ধ করে দিতে হয়েছে।

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস ক্রিকেট স্টেডিয়ামে লিওয়ার্ড আইল্যান্ডস ও ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর মধ্যকার ম্যাচে তৃতীয় দিনের প্রথম সেশনেই আম্পায়াররা খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। কারণ, পিচের ভয়ংকর অসমান বাউন্স ব্যাটারদের জন্য হয়ে উঠেছিল চরম ঝুঁকিপূর্ণ।

ঘটনার সবচেয়ে উদ্বেগজনক মুহূর্ত আসে যখন ত্রিনিদাদের পেসার জেইডেন সিলসের একটি ডেলিভারি আচমকা অস্বাভাবিকভাবে লাফিয়ে উঠে লিওয়ার্ড আইল্যান্ডসের ব্যাটার জেরেমিয়া লুইসের হেলমেটে আঘাত করে। আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন লুইস।

পরে উঠে হেলমেট ছুড়ে ফেলে ক্ষোভ প্রকাশ করে মাঠ ছাড়েন তিনি। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়, তবে তার অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গেছে।

এর আগে একই ওভারে আরেক ব্যাটার রাকিম কর্নওয়াল কাঁধে আঘাত পান বাউন্সারে। এরপর কয়েক বলের মধ্যেই উইকেটরক্ষক জাহমার হ্যামিলটনের গ্লাভসে লেগে ক্যাচ আউট হন তিনি। একের পর এক বিপজ্জনক ডেলিভারির পরই আম্পায়াররা বুঝে যান, এই পিচে খেলা চালানো নিরাপদ নয়।

পরবর্তীতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এক বিবৃতিতে জানায়, পিচের অনিয়মিত আচরণ এবং খেলোয়াড়দের নিরাপত্তার কথা বিবেচনা করেই ম্যাচটি ড্র ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে তারা জানায়, পিচকে দ্রুত নিরাপদ অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব ছিল না, আর সেটি করলে ম্যাচের ভারসাম্যও নষ্ট হওয়ার আশঙ্কা ছিল।

এমআই