Advertisement
Us Bangla Airlines
ডট বলের রাজা মোস্তাফিজ, গড়েছেন নতুন রেকর্ড

ডট বলের রাজা মোস্তাফিজ, গড়েছেন নতুন রেকর্ড

খেলা ডেস্ক

০৯ এপ্রিল ২০২৬, ১৯:২৬

স্বল্প রানের ম্যাচ, অবিশ্বাস্য কিছু না হলে লাহোরের জেতার সুযোগ নেই। এমন ম্যাচে সাদামাটা বোলিংটাই করলো শাহিন আফ্রিদির লাহোর কালান্দার্স। ফাস্ট বোলার দিয়েই পাওয়ার প্লের কোটা পূর্ণ করেছে দলটি। ছয় ওভারে ৫১ রান খরচ করে ম্যাচটা কার্যত সেখানেই শেষ করেছে শাহিন-রউফরা। ইনিংসের সপ্তম ওভারে মোস্তাফিজকে বোলিংয়ে আনে লাহোর। তবে অবিশ্বাস্য কিছু করে দেখাতে পারেননি কাটার মাস্টার।

ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে মাত্র দুই ওভার বোলিং করেছেন মোস্তাফিজ, ব্যয় ১৬ রান। উইকেট তুলতে না পারলেও এই ম্যাচে ডট বল করেছেন তিনটি। তাতেই বিরল রেকর্ডে নাম লিখিয়েছেন এই বাঁহাতি পেসার। স্বীকৃত টি-টোয়েন্টিতে বিশ্বের পঞ্চম পেসার হিসেবে ৩০০০ ডট বল করার মাইলফলক ছুঁয়েছেন মোস্তাফিজ। স্লগ ওভারে নিয়মিত বল করা এই পেসার ক্যারিয়ারের ৪২.৫৫ শতাংশ বলই ডট করেছেন।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও সর্বোচ্চ ডট বল (১১৯২) করে সবার ওপরে মোস্তাফিজ। উইকেট শিকারের তালিকায় তিনি বর্তমানে বিশ্বের দ্বিতীয় পেসার। ডেথ ওভারেও মোস্তাফিজের ঝলক কম নয়। ক্যারিয়ারের ৩০০০ ডট বলের ৯৫০টি বলই করেছেন শেষ চার ওভারে। এমনকি ডেথ ওভারে উইকেট শিকারেও পারদর্শী এই টাইগার বোলার। শেষ চার ওভারে ইতোমধ্যে ২০০ এর বেশি উইকেট শিকার করেছেন তিনি।

স্বীকৃত টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় ইদানীং লড়াই করছেন মোস্তাফিজ। ৪১৬ উইকেট নিয়ে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। সব পেসারদের তালিকায় বিশ্বের সেরা পাঁচজনের একজন এই বোলার। সবচেয়ে বেশি পাঁচ উইকেট তোলায় বিশ্বের সেরা দশ পেসারের একজন তিনি। এবার পর্যায়ক্রমে সবাইকে টপকে যাওয়ার অপেক্ষায় মোস্তাফিজুর রহমান।

এমআই