‘বিসিবি এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ড’
খেলা ডেস্ক
০৮ এপ্রিল ২০২৬, ১৯:৫৫
অন্তর্বর্তী সরকারের সময় গঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। ১১ সদস্যের এই কমিটিতে রাজনৈতিক ও ব্যবসায়িক প্রভাবশালী ব্যক্তিদের নিয়োগ করা হয়েছে। তবে এমন কমিটির তীব্র সমালোচনা করেছেন জাতীয় সংসদে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
সংসদে ক্ষমতাসীন দলের সমালোচনা করতে গিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘বিসিবি এখন আর সাধারণ ক্রিকেট বোর্ড নয়, সেটি পরিণত হয়েছে বাপের দোয়া ক্রিকেট বোর্ডে।’ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য ঘোষিত অ্যাডহক কমিটিতে বিএনপি নেতাদের পারিবারিক সদস্য দেখেই হয়তো এমন মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, ১১ সদস্যের ওই কমিটিতে আছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদের ছেলে সৈয়দ ইব্রাহিম আহমেদ, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী রাশনা ইমাম এবং সাবেক মন্ত্রী মিজানুর রহমান সিনহার ভাতিজা ফাহিম সিনহা।
এছাড়া কমিটিতে রয়েছেন প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী, ইস্পাহানি লিমিটেডের চেয়ারম্যান সালমান ইস্পাহানি, ইন্দিরা রোড ক্রীড়াচক্রের কর্মকর্তা রফিকুল ইসলাম বাবু, সাবেক ক্রিকেট বলের অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু এবং সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আথার আলি খান।
এদিকে হাসনাতের কথার জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের সময় তৎকালীন ক্রীড়া উপদেষ্টা ক্ষমতার প্রয়োগ করে জেলা কমিটি ও নিবন্ধিত ক্লাবগুলোর কাউন্সিলরদের প্রভাবিত করে একতরফাভাবে বোর্ড গঠন করেছিলেন। সেই অভিযোগে আগের বোর্ড বিলুপ্ত করে তামিমের নেতৃত্বে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এই কমিটি বিধি অনুযায়ী তিন মাসের মধ্যে নির্বাচন দেবে। আমরা এখানে বাপের দোয়া-মায়ের দোয়া করিনি। এতদিন শুনতাম মায়ের দোয়া পরিবহন আছে। আজকে মাননীয় সংসদ সদস্যের কল্যাণে দেখলাম বাপের দোয়া কমিটি আছে।’
এমআই