Advertisement
Us Bangla Airlines
২০ বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে হারল বাংলাদেশ

২০ বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে হারল বাংলাদেশ

খেলা ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ১৫:৩৩

দুই দশকের অভ্যাস ভেঙে গেল এক বিকেলে। যে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের গল্পই ছিল নিয়ম, সেই দলটির কাছেই এবার হেরে বসল বাংলাদেশ। থাইল্যান্ডে এশিয়ান গেমস বাছাইয়ে ৩-২ গোলের এই হার যেন অতীতের ধারাবাহিকতাকেই প্রশ্নের মুখে দাঁড় করাল।

২০০৬ সালের কলম্বো এসএ গেমসের পর এই প্রথম লঙ্কানদের কাছে পরাজয়ের স্বাদ পেল বাংলাদেশ। দীর্ঘদিন ধরে একতরফা আধিপত্যের গল্পে অভ্যস্ত দলটির জন্য এই ফলাফল নিঃসন্দেহে অস্বস্তিকর।

ম্যাচের শুরু থেকেই ছন্দ খুঁজে পায়নি বাংলাদেশ। ষষ্ঠ মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়া দলটি প্রথম কোয়ার্টারের শেষ দিকে আশরাফুলের পেনাল্টি স্ট্রোক থেকে সমতায় ফেরে। কিন্তু সেই স্বস্তি স্থায়ী হয়নি, দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই আবারও এগিয়ে যায় শ্রীলঙ্কা।

চাইনিজ তাইপেকে ৪-৩ গোলে হারাল বাংলাদেশ

তৃতীয় কোয়ার্টারে গোলশূন্য লড়াইয়ের পর চতুর্থ কোয়ার্টারের শুরুতেই ব্যবধান বাড়িয়ে নেয় প্রতিপক্ষ। ৩-১ পিছিয়ে পড়ার পর দ্রুত জবাব দেয় বাংলাদেশ—পেনাল্টি কর্নার থেকে আমিরুল গোল করে ব্যবধান কমান। শেষ দিকে সমতায় ফেরার চাপ তৈরি হলেও গোলের দেখা মেলেনি।

এই ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে সুযোগ কাজে লাগানোর দক্ষতা। শ্রীলঙ্কা মাত্র একটি পেনাল্টি কর্নার পেয়েই কার্যকর ছিল, অন্যদিকে বাংলাদেশ ছয়টি সুযোগ পেয়েও কাজে লাগাতে পেরেছে মাত্র একবার। পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ সোহানুর রহমান সবুজের অনুপস্থিতি এখানে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়।

এই হারের ফলে গ্রুপের সমীকরণ জটিল হয়েছে। শ্রীলঙ্কা ৬ পয়েন্ট নিয়ে এগিয়ে, ফলে বাংলাদেশের সামনে শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে বড় জয় ছাড়া কোনো পথ বাকি নেই।

এমআই