উন্নতির জায়গায় অবিচল নাহিদ, তবুও অভিষেকে খরুচে
খেলা ডেস্ক
০৮ এপ্রিল ২০২৬, ২২:২১
চলনবলনে এখনো টিনেজার ভাব। কথায় পুরো আঞ্চলিক টান। লম্বা গড়নের এই বোলারের লক্ষ্য কেবল বাংলাদেশ নয়, বরং বিশ্ব ছোঁয়া। গতি দিয়ে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের শিরোনাম হয়েছিলেন পেসার নাহিদ রানা। লাল বলের ক্রিকেটে নিয়মিত মুখ হয়ে ওঠা এই পেসার দক্ষতার ঝলক দেখিয়েছিলেন পাকিস্তানে। গতির ঝড়ে বাবর-রিজওয়ানদের নাচিয়ে সেবার পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। যার নেপথ্যে ছিলেন প্রিমিয়াম পেসার নাহিদ রানা।
পাকিস্তানি কিংবদন্তিদের আকর্ষণ করে গেল বছর ডাক পেয়ে যান পিএসএলে। জাতীয় দলে অভিষেকের আগে বিদেশি ফ্র্যাঞ্চাইজিতে ডাক পাওয়া চাট্টিখানি কথা নয়। যুদ্ধের দামামার মাঝে নাহিদের পিএসএলের যাত্রাটা সুখকর হয়নি। আতঙ্ক আর উৎকণ্ঠা নিয়ে ফিরেছিলেন দেশে। তবে পিএসএলে গিয়ে নতুন পরিবেশে শিখেছেন অনেক কিছু, নিয়েছেন কিংবদন্তিদের পরামর্শ। ক্রিকেটের প্রতি নাহিদের নিবেদন দেখে মুগ্ধ পেশওয়ার জালমি এবারও তাকে দলে ভিড়িয়েছে।
চলতি মৌসুমে টুর্নামেন্টের শুরু থেকেই পেশওয়ারের সঙ্গে যোগ দিয়েছেন নাহিদ রানা। একরাশ প্রতীক্ষার অবসান কাটিয়ে অবশেষে আজ হায়দরাবাদের বিপক্ষে অভিষেক হয় তার। পাওয়ার প্লের শেষদিকে নাহিদের হাতে ভরসার বল তুলে দিয়েছেন অধিনায়ক বাবর আজম। তবে প্রত্যাশাটা মেটাতে পারেননি তিনি। গতিতে আলো ছড়ানো নাহিদ ওই সমালোচিত লাইন-লেন্থে খেয়েছেন হোঁচট। হায়দরাবাদের বিপক্ষে বলের লাইনটা ঠিক রাখতে পারেননি এই পেসার।
নিজের ব্যক্তিগত প্রথম ওভারেই ১৩ রান খরচ করেছেন নাহিদ রানা। শর্ট লেন্থ আর লেগ স্টাম্পে বল করেই হজম করেছেন ছক্কা-চার। এরপর ইনিংসের দশম ও ১৮তম ওভার করেছেন এই টাইগার পেসার। উভয় ওভারেই বাউন্ডারি হজম করেছেন তিনি। কারণটা ওই একই, পেছনের লেন্থে করা লাইনচ্যুত বল। তবে স্লগ ওভারে নিজের কোটার শেষ তিনটি বল অবশ্য আশা জাগানোর মতো। গুড লেন্থে করা সেই তিন বলে ব্যাটার রীতিমতো সংগ্রাম করেছেন। তাতে কমেন্ট্রি বক্স থেকে বাহবা পেয়েছেন নাহিদ।
আন্তর্জাতিক ক্রিকেটে নাহিদের আগমন বেশিদিন হয়নি। স্বল্প সময়ের এই ক্যারিয়ারে প্রতিনিয়ত নিজেকে গড়ার চেষ্টায় এই পেসার। খরুচে স্পেলের মাঝেও অভিষেক ম্যাচে ব্যবহার করেছেন ইয়ার্কার, কাটারের মতো ভ্যারিয়েশন। এমনকি গতি দানব নাহিদ থেকে দেখা মিলেছে স্লোয়ার বলও। নাহিদ শিখছেন, বোলিংয়ে নতুন মাত্রা যোগ করতে দ্বারস্থ হচ্ছেন কিংবদন্তির সান্নিধ্যে। অভিষেকের সামর্থ্যের যথাযথ প্রয়োগ করতে না পারলেও বোলিংয়ে নাহিদের উন্নতি চোখে পড়ার মতো।
এমআই