এডহক কমিটিতে থেকে বিসিবি সভাপতি হতে পারবেন তামিম?
খেলা ডেস্ক
০৭ এপ্রিল ২০২৬, ১৯:৫০
জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) শীর্ষ হস্তক্ষেপে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত কমিটি বিলুপ্ত হয়ে গিয়েছে। এর পরিবর্তে গঠিত হয়েছে ১১ সদস্যের একটি এডহক কমিটি, যার সভাপতি করা হয়েছে তামিম ইকবালকে। কমিটি অবিলম্বে কার্যকর হবে এবং আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে।
তবে প্রশ্ন দেখা দিয়েছে—এডহক কমিটিতে থাকা অবস্থায় কি তামিম পুনরায় বিসিবির নির্বাচনে অংশ নিতে পারবেন? জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) আমিনুল এহসান স্পষ্ট জানিয়েছেন, এডহক কমিটির প্রধান ও সদস্যদের দায়িত্ব মূলত সুষ্ঠু নির্বাচন আয়োজন।
আমিনুল এহসান বলেন, ‘নির্বাচিত কমিটির কাছে তারা দায়িত্ব হস্তান্তর করবে, এডহক কমিটির দায়িত্ব এ রকমই।’ অর্থাৎ এডহক কমিটির কেউ কি নির্বাচনে প্রার্থী হতে পারবেন, তা জাতীয় ক্রীড়া পরিষদের আইন বা নির্দেশে স্পষ্ট নয়। পরবর্তীতে বিষয়টি স্পষ্ট করেছে জাতীয় ক্রীড়া পরিষদ।
সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশের ক্রীড়া আইনে অ্যাডহক কমিটির সদস্যদের নির্বাচনে কোনো বাধা নেই। তাই তামিম ইকবালের বর্তমান বোর্ড চাইলে নির্বাচন করতে পারবেন।
উল্লেখ্য, পূর্ববর্তী নির্বাচনের পর অভিযোগ জমা পড়ার কারণে এবং তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে কমিটি ভাঙা হয়েছে। জেলা-বিভাগ ও ক্লাব পর্যায়ে নির্বাচনে অনিয়ম, সি ক্যাটাগরির খেলোয়াড় মনোনয়ন, কাউন্সিলরশিপে সময়মতো কার্যক্রম না থাকা—এসবকে যথাযথ কর্তৃপক্ষ নির্বাচনের অনিয়ম হিসেবে চিহ্নিত করেছে।
ফেডারেশনগুলোর আইনেও এডহক কমিটির সদস্যদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। সাধারণত এই ক্ষেত্রে নির্বাচনের সময় এডহক কমিটির কেউ পদত্যাগ করে নির্বাচনে প্রার্থী হন। তবে তামিমরা তিন মাস পর সরাসরি নির্বাচনে অংশ নিতে পারবেন।
এমআই