বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দিল এনএসসি
খেলা ডেস্ক
০৭ এপ্রিল ২০২৬, ১৬:৩৬
বাংলাদেশ ক্রিকেটে বইছে নতুন হাওয়া। অনিয়ম আর বিতর্কের মেঘ সরাতে বড়সড় সিদ্ধান্ত নিল জাতীয় ক্রীড়া পরিষদ। তদন্তে উঠে আসা অসংখ্য অসঙ্গতির জেরেই ভেঙে দেওয়া হলো আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ।
মঙ্গলবার বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির পরিচালক (উপসচিব) মোহাম্মদ আমিনুল এহসান আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, এনএসসি নীতিমালা ২০১৮-এর ২১ ধারা অনুযায়ী বিদ্যমান কমিটি বাতিল করে নতুন করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
সবশেষ বিসিবি নির্বাচনে অনিয়ম ও দুর্বলতার একাধিক দিক চিহ্নিত করে এনএসসি গঠিত তদন্ত কমিটি। সেই পর্যবেক্ষণের ভিত্তিতেই কঠোর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই সিদ্ধান্ত ইতোমধ্যেই বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকেও জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন আমিনুল এহসান।
ঘটনার পেছনের প্রেক্ষাপটও কম নাটকীয় নয়। গত মাসে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের অনুমোদনে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে এনএসসি। বিসিবির নির্বাচনে কারসাজি ও অনিয়মের অভিযোগ খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয় তাদের ওপর।
সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন সেই কমিটি গত রোববার তাদের প্রতিবেদন জমা দেয়। ঠিক দুই দিনের মাথায় নেওয়া হলো চমকপ্রদ সিদ্ধান্ত। বোর্ড ভেঙে দিয়ে নতুন অ্যাডহক কমিটি গঠন করে দিল দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক সংস্থা।