স্থগিত সিরিজ আয়োজনে ভারতের সঙ্গে আলোচনায় বিসিবি
খেলা ডেস্ক
০৩ এপ্রিল ২০২৬, ১৮:৩১
দুই দেশের ক্রিকেট সম্পর্কের টানাপোড়েন কাটাতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্থগিত হয়ে যাওয়া দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের লক্ষ্যেই ভারতের ক্রিকেট বোর্ডের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় নেমেছে তারা। ভারতের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, বিসিবি ইতোমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডকে চিঠি পাঠিয়েছে।
চলতি বছরের শুরুতে মোস্তাফিজুর রহমানের আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে চুক্তি বাতিল এবং পরবর্তী কূটনৈতিক জটিলতায় দুই বোর্ডের সম্পর্কে দূরত্ব তৈরি হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে, নিরাপত্তার কারণ দেখিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানায় বিসিবি।
হাইব্রিড মডেলের দাবি পূরণ না হওয়ায় শেষ পর্যন্ত সেই আসরের মূল পর্বে জায়গা পায়নি বাংলাদেশ; সুযোগ দেওয়া হয় স্কটল্যান্ডকে। সম্পর্কের অচলাবস্থা দূর করে আবারও নিয়মিত ক্রিকেট কার্যক্রমে ফিরতে চায় বাংলাদেশ। ফলে বিসিসিআইকে স্থগিত সিরিজ আয়োজনে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, বিসিবির পাঠানো চিঠিতে তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে গত সেপ্টেম্বরে নির্ধারিত ভারতের বাংলাদেশ সফর, যেখানে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। সেই স্থগিত সিরিজটি পুনরায় আয়োজনের প্রস্তাব দিয়েছে বিসিবি।
এছাড়া আগামী বছরে ভারতের সম্ভাব্য বাংলাদেশ সফর নিয়েও নতুন করে আলোচনা করতে চায় তারা। একই সঙ্গে সামনে থাকা এশিয়া কাপ আয়োজন নিয়েও ভাবছে বোর্ড। আয়োজক দেশ হিসেবে সেই টুর্নামেন্টে ভারতের অংশগ্রহণ নিশ্চিত করাও বিসিবির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তবে এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি ভারতীয় বোর্ড। তারা জানিয়েছে, দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন কিংবা ভেন্যু নির্ধারণ পুরোপুরি তাদের সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। ইতিবাচক সংকেত না পাওয়া পর্যন্ত কোনো প্রতিশ্রুতি দেওয়া সম্ভব নয়।
এমআই