Advertisement
Us Bangla Airlines
মোস্তাফিজের অভাব হাড়ে হাড়ে টের পাচ্ছে কলকাতা

মোস্তাফিজের অভাব হাড়ে হাড়ে টের পাচ্ছে কলকাতা

খেলা ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ২০:৫৯

মোস্তাফিজকে অন্যায়ভাবে বাদ দেওয়ার পর কলকাতার ওপর যেন পাপের খড়ক নেমে এসেছে। ইনজুরির কারণে হার্ষিত রানা ও আকাশ দীপকে হারিয়েছে দলটি। মোটা টাকায় কেনা মাথিশা পাতিরানাকেও অনাপত্তিপত্র দেয়নি শ্রীলঙ্কা। ইনজুরির কারণে ম্যাচ খেলার জন্য এখনো ফিট হয়ে ওঠেননি এই লঙ্কান ক্রিকেটার।

চার পেসারকে হারিয়ে নতুন তিনজনকে স্কোয়াডে ভিড়িয়েছে শাহরুখ খানের দল। নিলামে দল না পাওয়া নবদীপ সাইনিকে নেওয়া হয়েছে হার্ষিতের জায়গায়। আকাশ দীপের পরিবর্তে দলে এসেছেন কখনো আইপিএল না খেলা সৌরভ। আর মোস্তাফিজের পরিবর্তে জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানিকে দলে নিয়েছে কেকেআর।

আইপিএলে টিকে থাকতে মধ্যমমানের হওয়ার সুযোগ নেই। ক্রিকেটার হিসেবে সেরা এবং দল হিসেবেও প্রভাবশালী হয়ে শিরোপা জেতার চিন্তা করতে হয়। সেখানে জোড়াতালি দেওয়া পেস বোলিং ইউনিট নিয়ে বেশ বিপাকে পড়েছে কেকেআর। উদ্বোধনী ম্যাচে কলকাতার বোলারদের তুলোধুনো করেছে মুম্বাইয়ের ব্যাটাররা। দ্বিতীয় ম্যাচেও দেখা গেল একই চিত্র। 

কলকাতার বোলারদের পাত্তাই দিল না অভিষেক-ট্রাভিস হেড। এই যুগলের ব্যাটে চড়ে পাওয়ার প্লেতে ৮৪ রানের বড় সংগ্রহ পায় সানরাইজার্স হায়দরাবাদ। স্লগ ওভারেও তুলোধুনো হয়েছেন শাহরুখ খানের বোলাররা। তাতে শেষ ছয় ওভারে ৭১ রান তুলেছে ইশান কিশানের দল। ম্যাচে কলকাতার তিন পেসার ১২ ওভারে খরচ করেছেন ১৩৬ রান।

অথচ এখানেই পার্থক্য গড়ে দিতে পারতেন মোস্তাফিজুর রহমান। স্লগ ওভারে কিপটে বোলিংয়ের পাশাপাশি উইকেট তোলায় বেশ পারদর্শী কাটার মাস্টার। রানবন্যার পাকিস্তান সুপার লিগে দুই ম্যাচে মাত্র একটি বাউন্ডারি হজম করেছেন তিনি। বোলিং ইকোনমিতে পেসারদের মধ্যে শীর্ষে আছেন এই বাঁহাতি বোলার।

এছাড়া ঘরোয়া ও আন্তর্জাতিক টুর্নামেন্টে সম্প্রতি দুর্দান্ত সময় পার করছেন মোস্তাফিজুর রহমান। বিপিএল, বিসিএল কিংবা চলমান পিএসএল—মোস্তাফিজের মুখোমুখি হওয়া যেন ব্যাটারদের জন্য অগ্নিপরীক্ষা। আইপিএল থেকে অন্যায়ভাবে বাদ পড়া সেই মোস্তাফিজের অভাব এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে শাহরুখ খানের দল।

উল্লেখ্য, গতকাল (বৃহস্পতিবার) কলকাতার বোলারদের বেধড়ক পিটিয়ে ২২৬ রানের বড় সংগ্রহ পায় সানরাইজার্স হায়দরাবাদ। জবাবে ১৬১ রানেই গুটিয়ে যায় কেকেআর। তাতে চলতি মৌসুমে প্রথম জয়ের দেখা পায় ইশান কিশানের দল। অন্যদিকে, প্রথম দুই ম্যাচের দুটোই হেরেছে কলকাতা।

এমআই