আইপিএল থেকে বাদ পড়ার পর যা বললেন মোস্তাফিজ
খেলা ডেস্ক
০৩ জানুয়ারি ২০২৬, ১৭:৪০
বিপিএলে আজ কোনো ম্যাচ নেই। বিরতির দিনে অন্যরা যখন হালকা মেজাজে সময় কাটানোর সুযোগ পাচ্ছেন, মোস্তাফিজুর রহমানের জন্য দিনটি ঠিক উল্টো। ভারি মন আর চাপা হতাশায় সময় পার করছেন টাইগার পেসার। রাজনৈতিক টানাপোড়েনের বলি হয়ে আইপিএল ২০২৬ থেকে ছিটকে পড়েছেন মোস্তাফিজুর রহমান।
গত ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএল নিলামে মোস্তাফিজকে ঘিরে ছিল চোখধাঁধানো লড়াই। একাধিক ফ্র্যাঞ্চাইজির টানাটানির পর ৯ কোটি ২০ লাখ রুপির চড়া মূল্যে তাকে দলে নেয় কলকাতা। আইপিএলে কখনোই এত বড় অঙ্কে বিক্রি হননি তিনি। কিন্তু নিলামের আনন্দ বেশিদিন টিকল না।
বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর কথিত সহিংসতার অভিযোগ তুলে ভারতের উগ্রবাদী গোষ্ঠী ও নেটিজেনদের চাপের মুখে পড়ে কেকেআর। শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে মোস্তাফিজকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি।
বিসিসিআই ও কলকাতার এই সিদ্ধান্তে বেশ হতাশই হয়েছেন মোস্তাফিজুর রহমান। আইপিএল থেকে বাদ পড়ার প্রতিক্রিয়ায় দেশের এক গণমাধ্যমকে বলেন, ‘ছেড়ে দিলে কী আর করার।’ মৃদুভাষী এই পেসার আর কোনো মন্তব্য করতে চাননি।
হতাশা থাকলেও মাঠের পারফরম্যান্সে তার কোনো ছাপ নেই। বল হাতে দারুণ ছন্দেই আছেন মোস্তাফিজ। ২০১৬ সাল থেকে নিয়মিত আইপিএলে খেললেও এবারই প্রথম এত বড় দামে দল পেয়েছিলেন। সম্প্রতি আইএল টি-টোয়েন্টিতে ৮ ম্যাচে নিয়েছেন ১৫ উইকেট।
বিপিএলেও ধরে রেখেছেন সেই ধারাবাহিকতা, ৩ ম্যাচে শিকার ৬ উইকেট। গতকাল সিলেট টাইটানসের বিপক্ষে ৪ ওভারে ২৪ রানে নিয়েছেন ৩ উইকেট। এই কঠিন সময়ে মোস্তাফিজের পাশে দাঁড়িয়েছে তাঁর বিপিএল দল রংপুর রাইডার্স। ফেসবুকে দেওয়া এক পোস্টে তারা লিখেছে, ‘সুযোগ কেড়ে নেওয়া যায়, তবে সম্মান মাঠেই অর্জন করতে হয়।’
এমআই