Advertisement
Us Bangla Airlines
৯ কোটির মোস্তাফিজকে ছেড়ে দিল শাহরুখ খানের কলকাতা

৯ কোটির মোস্তাফিজকে ছেড়ে দিল শাহরুখ খানের কলকাতা

খেলা ডেস্ক

০৩ জানুয়ারি ২০২৬, ১৪:৩৫

আইপিএলের আসন্ন আসরের জন্য মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ৯ কোটি ২০ লাখ রুপিতে কেনা বাংলাদেশের তারকা পেসারকে এবার ছেড়ে দিতে বাধ্য হলো ফ্র্যাঞ্চাইজিটি। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশনা অনুসরণ করে মোস্তাফিজকে ছাড়লো কলকাতা। বিষয়টি জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।

এর আগে ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে দেবজিৎ সাইকিয়া বলেন, ‘সাম্প্রতিক বিভিন্ন উন্নয়নের পরিপ্রেক্ষিতে বিসিসিআই কেকেআরকে তাদের বাংলাদেশি খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে নির্দেশ দিয়েছে। বিসিসিআই আরও বলেছে, প্রয়োজনে কলকাতাকে বিকল্প খেলোয়াড় নেওয়ার অনুমতিও দেওয়া হবে।’

যদিও বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সিদ্ধান্তের নির্দিষ্ট কারণ প্রকাশ করেননি। তবে গত কয়েক দিনে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার অভিযোগের প্রেক্ষাপটে কেকেআর ও ক্লাবটির মালিক শাহরুখ খানের বিরুদ্ধে সমালোচনায় মুখর হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্বখ্যাত বলিউড অভিনেতা শাহরুখ খানের দল কেকেআর এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, ‘বিসিসিআইয়ের নির্দেশ অনুযায়ী যথাযথ প্রক্রিয়া ও আলোচনার মাধ্যমেই মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে।’

মোস্তাফিজ ইস্যুর ঠিক একদিন আগেই নিজেদের ২০২৬ সালের হোম ভেন্যুর সূচি ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই সূচিতে রয়েছে মার্চ ২০২৬ থেকে শুরু হওয়া ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টির সাদা বলের সিরিজ, যা মূলত ২০২৫ সালে হওয়ার কথা থাকলেও পরে পুনঃনির্ধারিত হয়।

এর আগে ফেব্রুয়ারি-মার্চে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও অংশ নেবে বাংলাদেশ। তবে মোস্তাফিজ ইস্যুতে বিসিবি নড়েচড়ে বসে কি না, সেটাই দেখার বিষয়। যদিও সাবেক ফুটবলার আমিনুল হক ইতোমধ্যে এ বিষয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে বিসিবির ভাবা উচিত।

উল্লেখ্য, ২০১৬ সালে আইপিএলে অভিষেক হয় মোস্তাফিজের। সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসসহ একাধিক দলে খেলে ৬০ ম্যাচে ৬৫ উইকেট শিকার করেছেন। সর্বশেষ নিলামে মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স।

এমআই