সাকিবকে নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বিসিবির
খেলা ডেস্ক
২৪ মার্চ ২০২৬, ২২:১৬
দেশের ক্রিকেটে আবারও আলোচনার কেন্দ্রে সাকিব আল হাসান। জাতীয় দলে তার ফেরার অপেক্ষায় সমর্থকরা, তবে তাড়াহুড়ো নয়, ধীরস্থির পরিকল্পনাতেই এগোচ্ছে বিসিবি। সাকিবের নামে থাকা মামলার ফাইল তার আইনজীবীর মাধ্যমে বিসিবির হাতে পৌঁছেছে। পরে সেটি পাঠানো হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে।
আইনি জটিলতা কেটে গেলেই দেশে ফেরার পথ খুলবে এই তারকা অলরাউন্ডারের। এমন কথাই বলছে বিসিবি। এছাড়া নতুন প্রধান নির্বাচক হাবিবুল বাশার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো গণমাধ্যমে এসে সাকিব প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তার মতে, সাকিব দলে এলে অবশ্যই দলের জন্য বড় সম্পদ হবেন।
বাশার স্পষ্ট করে বলেছেন, ‘আবেগ দিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে না। দীর্ঘ সময়ের জন্য সাকিবকে দলে পাওয়ার লক্ষ্য নিয়েই পরিকল্পনা সাজানো হচ্ছে। সাকিবের মতো অভিজ্ঞ ও মানসম্পন্ন অলরাউন্ডার যতদিন খেলবেন, ততদিনই বাংলাদেশ দলের জন্য লাভ।’
আসন্ন নিউজিল্যান্ড সিরিজ সামনে থাকলেও, এত অল্প সময়ে প্রস্তুতি নিয়ে মাঠে নামা কতটা সম্ভব—তা নিয়েও রয়েছে সংশয়। নির্বাচকদের মতে, সাকিব নিজেও প্রস্তুতি ছাড়া হুট করে মাঠে নামবেন না। তবে সাকিবকে ঘিরে কেবল এক সিরিজ নয়, সামনে আরও বড় লক্ষ্য।
বিসিবির পরিকল্পনা, সাকিবকে এমনভাবে প্রস্তুত করা যাতে তিনি দীর্ঘ সময় ধরে দলকে সেবা দিতে পারেন। অন্তত ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সাকিবকে দলে পাওয়ার আশা করছে বিসিবি।
আগামী এপ্রিলেই তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড। তবে সেই সিরিজে সাকিবকে দেখা যাবে কি না, তা নির্ভর করছে তার প্রস্তুতি এবং আইনি প্রক্রিয়া শেষ হওয়ার ওপর।
এমআই