সাকিবকে নিয়ে সুখবর দিলেন বিসিবি পরিচালক
খেলা ডেস্ক
১৬ মার্চ ২০২৬, ২০:২৬
সাকিব আল হাসানকে নিয়ে সুখবর দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম। পাকিস্তান সিরিজে পাওয়া না গেলেও সাকিবকে নিউজিল্যান্ড সিরিজে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। নিউজিল্যান্ড সিরিজের আগে সংবাদমাধ্যমকে এমনটা জানিয়েছেন তিনি।
দীর্ঘ ১৬ মাস ধরে জাতীয় দলের বাইরে থাকলেও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলেছেন সাকিব। দেশের ক্রিকেটে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয় ২৪ জানুয়ারি বিসিবির পরিচালনা পর্ষদের সভায়। এরপর সাকিবের দেশে ফেরার গুঞ্জন ক্রিকেট পাড়ায় লেগেই আছে। এবার এ প্রসঙ্গে মুখ খুলেছেন বিসিবি পরিচালক ফাহিম।
তিনি বলেন, ‘সাকিবকে নিয়ে চলমান কার্যক্রমগুলো বেশ দ্রুততার সঙ্গে এগোচ্ছে। আমি আশাবাদী, খুব শিগগিরই তাকে দেশে ফিরতে দেখব। নিউজিল্যান্ড সিরিজে সাকিব খেললে সেটা আমি ইতিবাচকভাবেই দেখব। আমি চাইব, সে দলে থাকলে দলে এক ভিন্ন মাত্রা যোগ করবে।’
সাকিব ২০২৪ সালের সেপ্টেম্বরের আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন। তখন তিনি জানিয়েছিলেন, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর খেলবেন না। এরপর মিরপুরে টেস্ট খেলে অবসরের কথাও জানান, তবে তা এখন পর্যন্ত কার্যকর হয়নি। বর্তমানে তার বয়স ৩৮ বছর।
ফাহিম জানান, সাকিব ফেরলে দলের পরিকল্পনা, খেলার সময়কাল ও সংস্করণ নিয়ে বিভিন্ন বিষয় ভাবতে হবে। নির্বাচক প্যানেল, টিম ম্যানেজমেন্ট এবং সাকিবের নিজস্ব মতামত—সবমিলিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সর্বোচ্চ গুরুত্ব থাকবে দলের স্বার্থে।
তবে সাকিবের দেশে ফেরা সহজ নয়। তার বিরুদ্ধে হত্যা মামলা, চেক প্রতারণাসহ বিভিন্ন মামলা রয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, আইনজীবীর মাধ্যমে নিজেকে নিরাপরাধ প্রমাণ করতে পারলেই বাংলাদেশের হয়ে খেলতে পারবেন তিনি। এ বিষয়ে সরকার নমনীয় থাকবে বলে জানা গেছে।
এমআই