Advertisement
Us Bangla Airlines
আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় ৭ বাংলাদেশি

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় ৭ বাংলাদেশি

খেলা ডেস্ক

০৯ ডিসেম্বর ২০২৫, ১৩:৩৯

আইপিএলের মিনি নিলাম শুরু হতে আর মাত্র কয়েক দিন। আগামী ১৬ ডিসেম্বর বসছে খেলোয়াড়দের সেই মহাযজ্ঞ। শুরুতে ১৩৫৫ জন ক্রিকেটার নিবন্ধন করলেও কঠোর বাছাইয়ে এই সংখ্যা সাড়ে তিনশতে নেমে এসেছে। তাতে চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ৭ ক্রিকেটার।

ক্রিকবাজের প্রতিবেদনে জানা গেছে, বিসিসিআই ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে সময়, তালিকা ও কাঠামো পাঠিয়ে দিয়েছে। স্থানীয় সময় দুপুর ১টা, অর্থাৎ বাংলাদেশ সময় বিকেল ৩টায় আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে। ৩৫০ জনের সংক্ষিপ্ত তালিকায় ২৪০ জন ভারতীয়, ১১০ জন বিদেশি।

বাংলাদেশ থেকে জায়গা পাওয়া ৭ বাংলাদেশি ক্রিকেটার হলেন- মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, রাকিবুল হাসান ও শরিফুল ইসলাম। প্রাথমিক তালিকায় থাকলেও শেষ মুহূর্তে বাদ পড়েছেন সাকিব আল হাসান।

এদিকে ফ্র্যাঞ্চাইজিগুলোর হাতে ফাঁকা আছে ৭৭টি স্লট, যার মধ্যে বিদেশি সংখ্যা ৩১। সবচেয়ে বেশি পুঁজি নিয়ে নিলামে নামছে কলকাতা নাইট রাইডার্স। তাদের পার্সে রয়েছে টনটনানো ৬৪ কোটি ৩০ লাখ রুপি, আর দলে জায়গা খালি এখনো ১৩ জনের, তার মধ্যে ৬ জন বিদেশি।

৪০ জন ক্রিকেটার রয়েছেন সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে, যেখানে একমাত্র বাংলাদেশি প্রতিনিধি মোস্তাফিজ। গত মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন ফিজ, আইপিএলে তার ম্যাচ সংখ্যা এখন ৬০। রিশাদের ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি, একই ক্যাটাগরিতে আছেন বাকি চার বাংলাদেশি। অনভিষিক্ত রাকিবুলের ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি।

এমআই