স্বর্ণার ৪৫ বলে ৬০, তবুও জিতল না বাংলাদেশ
খেলা ডেস্ক
২৮ এপ্রিল ২০২৬, ১৭:৩৫
বড় লক্ষ্য তাড়ায় আশার আলো জ্বালিয়েই শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু শুরুটা ধরে রাখা গেল না। ওপেনিং জুটি ভাঙতেই ছন্দ হারায় পুরো ইনিংস। মিডল অর্ডারের ব্যর্থতায় ম্যাচ হাতছাড়া হয়ে যায়। শেষদিকে স্বর্ণা আক্তারের লড়াই ছিল চোখে পড়ার মতো, ৪৫ বলে ৬০ রান করেছেন তিনি। তবুও ২৫ রানে হেরে সিরিজে ১-০তে পিছিয়ে পড়েছে টাইগ্রেসরা।
সিলেটের মাঠে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৬১ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে ২০ ওভারে ৭ উইকেটে ১৩৬ রানেই থামে বাংলাদেশ।
১৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আত্মবিশ্বাসী শুরু এনে দেন দুই ওপেনার। দিলারা আক্তার ছিলেন আক্রমণাত্মক মেজাজে। ১২ বলে ১৬ রান করে জুরাইয়া ফেরদৌস ফিরলে ভাঙে ৩৯ রানের উদ্বোধনী জুটি। এরপরই ব্যাটিং লাইনআপে নামে অস্থিরতা।
তিন নম্বরে নেমে শারমিন আক্তার করতে পারেন মাত্র এক রান। দলের কঠিন সময়ে ব্যর্থ হয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও। দুই বল খেলে রানের খাতা না খুলেই ফিরেছেন তিনি। ভালো শুরু পাওয়া দিলারা ১৪ বলে ২৩ রান করে আউট হলে ৪৪ রানেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
এই অবস্থায় ইনিংস টেনে তোলার চেষ্টা করেন স্বর্ণা আক্তার ও সোবহানা মোস্তারি। দুজনের জুটিতে কিছুটা আশা জাগলেও ডট বলের চাপে পিছিয়ে পড়ে দল। ২৬ বলে ১৬ রান করে ফিরেছেন সোবহানা। ততক্ষণে প্রয়োজনীয় রান রেট চলে যায় নাগালের বাইরে।
শেষদিকে স্বর্ণা একাই লড়াই চালিয়ে যান। তাতে পেয়ে যান ক্যারিয়ারের প্রথম ফিফটিও। যদিও তার ৪৫ বলে ৬০ রানের ইনিংসটি দলের হার এড়াতে পারেনি।
এমআই