Advertisement
Us Bangla Airlines
দুই চমক রেখে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা

দুই চমক রেখে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা

খেলা ডেস্ক

২৬ এপ্রিল ২০২৬, ২০:১৬

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের উত্তাপ এখনও ছড়ায়নি পুরোপুরি, এর মাঝেই লাল বলের লড়াইয়ের প্রস্তুতি সেরে ফেলল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে জায়গা পেয়েছে দুই নতুন মুখ অমিত হাসান ও তানজিদ হাসান।

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন ২৩ বছর বয়সী অমিত হাসান। ২০১৯ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর থেকে প্রায় ৪৯ গড়ে রান করে নজর কাড়েন এই ব্যাটার। জাতীয় দলে প্রথম ডাক পেয়ে এখন অপেক্ষা কেবল সাদা পোশাকে অভিষেকের।

অন্যদিকে, সীমিত ওভারের ক্রিকেটে নিজের সামর্থ্য দেখানোর পর এবার টেস্ট অঙ্গনে পা রাখতে যাচ্ছেন তানজিদ হাসান তামিম। ২৫টি প্রথম শ্রেণির ম্যাচে ৪০ গড়ে ১৭৯২ রান করা এই বাঁহাতি ওপেনারের ওপর আস্থা রেখেছেন নির্বাচকরা। অবশ্য টেস্ট দলে তাকে যুক্ত করা নিয়ে আলোচনা চলছিল দীর্ঘদিন। 

দল ঘোষণার পর প্রধান নির্বাচক কাজী হাবিবুল বাশার জানান, তানজিদের টেকনিক ও অমিতের ধৈর্য-শৃঙ্খলা টেস্ট ক্রিকেটের জন্য উপযোগী। তার বিশ্বাস, এই দুজন দীর্ঘ সময় ধরে দলকে সেবা দিতে পারবেন।

পেস আক্রমণে অভিজ্ঞতা ও ধার বাড়াতে ফিরেছেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। ২০২৪ সালের নভেম্বরের পর এই প্রথম তারা টেস্ট দলে জায়গা পেলেন। এছাড়া প্রায় এক বছর পর অফ-স্পিনার নাঈম হাসানও ফিরেছেন লাল বলের স্কোয়াডে।

ইনজুরির কারণে দলে নেই পেসার হাসান মাহমুদ। ব্যাটিং ব্যর্থতায় এবার টেস্ট স্কোয়াড থেকেও বাদ পড়লেন জাকের আলী। জাতীয় দলের কোনো ফরম্যাটেই জায়গা পাচ্ছেন না এই ব্যাটার। আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে ১২ উইকেট নিয়েও জায়গা হারালেন বাঁহাতি স্পিনার হাসান মুরাদ।

সূচি অনুযায়ী, আগামী ৩ মে ঢাকায় পৌঁছাবে পাকিস্তান দল। ৮ থেকে ১২ মে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ১৬ থেকে ২০ মে সিলেটে।

বাংলাদেশ টেস্ট স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধি.), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম, অমিত হাসান।

এমআই