Advertisement
Us Bangla Airlines
স্টার্কের পরেই মোস্তাফিজ, বল হাতে অন্যন্য অর্জন

স্টার্কের পরেই মোস্তাফিজ, বল হাতে অন্যন্য অর্জন

খেলা ডেস্ক

২৪ এপ্রিল ২০২৬, ১৬:১৬

বল হাতে তিনি কী করতে পারেন, তা নতুন করে বলার কিছু নেই। তবে চোট কাটিয়ে ফিরেই যে এমন ঝড় তুলবেন, তা হয়তো অনেকেই ভাবেননি। সিরিজ নির্ধারণী ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে আবারও নিজের জাত চিনিয়েছেন মোস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে ৫৫ রানের জয়ে বড় ভূমিকা রাখেন এই বাঁহাতি পেসার।

পাকিস্তান সুপার লিগ ছেড়ে আসা, প্রথম দুই ম্যাচে চোটে ছিটকে থাকা—সবকিছুর পর তৃতীয় ম্যাচে একাদশে ফিরেই করেন বাজিমাত। ৯ ওভারে ৪৩ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট। কাটার আর স্লোয়ারের নিখুঁত মিশেলে কিউই ব্যাটারদের বারবার পরাস্ত করেন তিনি। ২৪৮৪ দিন পর ওয়ানডেতে আবার দেখা পান পাঁচ উইকেটের।

এই ফাইফার শুধু ম্যাচ জেতাতেই সাহায্য করেনি, এনে দিয়েছে নতুন এক মাইলফলকও। ক্যারিয়ারের ষষ্ঠবার পাঁচ উইকেট নিয়ে তিনি জায়গা করে নিয়েছেন কিংবদন্তিদের কাতারে। বাঁহাতি পেসারদের মধ্যে ওয়ানডেতে সর্বোচ্চ ফাইফারের তালিকায় ওয়াসিম আকরাম ও ট্রেন্ট বোল্টের পাশে এখন মোস্তাফিজ।

তবে সবার ওপরে আছেন কেবল মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ান এই তারকা ওয়ানডেতে ৯ বার পাঁচ উইকেট নিয়েছেন। ৬ ফাইফার নিয়ে সেই তালিকায় এখন তার ঠিক পেছনেই অবস্থান মোস্তাফিজের। পরিসংখ্যান বলছে, এই অর্জনের পথে মোস্তাফিজ ছিলেন আরও কার্যকর।

ওয়াসিম আকরাম যেখানে ৩৫১ ইনিংসে ৬ বার পাঁচ উইকেট নিয়েছেন, সেখানে মোস্তাফিজ করেছেন মাত্র ১১৮ ইনিংসে। আর বোল্টের লেগেছে ১১৪ ইনিংস।

বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ফাইফারের রেকর্ড আগেই ছিল মোস্তাফিজের দখলে। এবার সেটিকে আরও সমৃদ্ধ করলেন তিনি। আব্দুর রাজ্জাক ও সাকিব আল হাসান আছেন ৪টি করে ফাইফার নিয়ে। আর নতুন প্রজন্মের পেসার নাহিদ রানা ইতোমধ্যেই ২ বার এই কীর্তি গড়েছেন।

এমআই