নিউজিল্যান্ড সিরিজে থাকছেন না সাকিব
খেলা ডেস্ক
০৩ এপ্রিল ২০২৬, ২৩:০৮
ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে পুরোদমে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল। ঈদের ছুটি শেষে জাতীয় দলের ক্রিকেটাররা ইতোমধ্যেই অনুশীলনে ফিরেছেন, যেখানে ফিটনেস ও ফিল্ডিং নিয়েই চলছে মূল কাজ।
এই প্রস্তুতি ক্যাম্পে অভিজ্ঞদের পাশাপাশি সুযোগ পেয়েছেন নতুনরাও। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব। তবে ফিট হয়ে ফিরলেও আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দেখা যাবে না তাদের কাউকেই।
এর পেছনে বড় কারণ সাম্প্রতিক পারফরম্যান্স। সবশেষ সিরিজে পেসারদের ধারাবাহিক ভালো পারফরম্যান্সের কারণে ওয়ানডে দলে পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। ফলে ইনজুরি থেকে ফিরেও আপাতত একাদশে জায়গা হচ্ছে না এই দুই পেসারের।
তবে টি-টোয়েন্টি সিরিজে ভিন্ন চিত্র দেখা যেতে পারে। সেখানে তানজিম হাসান সাকিবের সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও হাসান মাহমুদের সম্ভাবনা তুলনামূলক কম।
আগামী ১৩ এপ্রিল ঢাকায় পৌঁছাবে নিউজিল্যান্ড দল। ১৭ এপ্রিল শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম দুটি ম্যাচ মিরপুরে অনুষ্ঠিত হলেও শেষ ম্যাচটি ২৩ এপ্রিল হবে চট্টগ্রামে। ওয়ানডে পর্ব শেষেই শুরু হবে টি-টোয়েন্টি লড়াই। ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ২ মে ঢাকায় শেষ ম্যাচের মধ্য দিয়ে সিরিজের পর্দা নামবে।
এমআই