নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
খেলা ডেস্ক
০১ এপ্রিল ২০২৬, ১৮:৪৭
দারুণ লড়াই, শ্বাসরুদ্ধকর মুহূর্ত আর শেষ পর্যন্ত এক গোলের জয়। এই নাটকীয়তায় ভর করেই সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। মালদ্বীপের মালে স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের ভাগ্য গড়ে দেন তরুণ ফরোয়ার্ড মানিক। প্রথমার্ধের শুরুতেই মোর্শেদের চমৎকার চিপ থেকে বক্সে উঠে নিখুঁত হেডে জালের ঠিকানা খুঁজে নেন তিনি। সেই এক গোলই হয়ে ওঠে ম্যাচের পার্থক্য। গ্যালারিতে উপস্থিত বাংলাদেশি প্রবাসীদের উচ্ছ্বাসে তখন মালে স্টেডিয়াম যেন রূপ নেয় ছোট্ট এক ‘বাংলাদেশে’।
গোলের পরপরই ব্যবধান দ্বিগুণ করার সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। প্রবাসী ফুটবলার রোনান সুলিভান দারুণ দক্ষতায় ডিফেন্ডার ও গোলরক্ষককে কাটিয়ে বল জালে পাঠালেও অফসাইডের পতাকায় সেই আনন্দ থেমে যায়। সিদ্ধান্তটি নিয়ে বাংলাদেশের ডাগআউটে ছিল স্পষ্ট অসন্তোষ।
দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র কিছুটা বদলে যায়। নেপাল চাপ বাড়িয়ে একের পর এক আক্রমণ শানায়। তবে গোলরক্ষক মাহিনের দৃঢ়তায় রক্ষা পায় বাংলাদেশ। কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে তিনি দলের জয়ের ভিত মজবুত করেন। শেষ দিকে পাল্টা আক্রমণেও সক্রিয় ছিল বাংলাদেশ।
কোচ মিশু নামান রোনানের ভাই ডেকলানকে, যিনি একটি দারুণ সুযোগ তৈরি করেছিলেন। তবে গোলের দেখা আর পায়নি কোনো দলই। ইনজুরি সময়ের টানটান উত্তেজনাও আর বদলাতে পারেনি স্কোরলাইন। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে ফাইনালের টিকিট পায় বাংলাদেশ।
এখন চোখ ফাইনালে। প্রতিপক্ষ নির্ধারিত হবে ভারত ও ভুটানের লড়াই শেষে। শিরোপা ধরে রাখার স্বপ্নে আরও এক ধাপ এগিয়ে গেল লাল-সবুজের তরুণরা।
এমআই