সিরিজ জয়ের পর দুঃসংবাদ পেলেন নাহিদ-মোস্তাফিজ
খেলা ডেস্ক
২৩ এপ্রিল ২০২৬, ২১:৪৪
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের আনন্দের মাঝেই এলো দুঃসংবাদ। দুর্দান্ত পারফরম্যান্সের পরও মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানাকে নিয়ে সতর্ক অবস্থানে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাতেই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাওয়ার অনুমতি পাচ্ছেন না এই দুই পেসার।
চোটের কারণে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে মাঠের বাইরে ছিলেন মোস্তাফিজ। তবে ফিরেই শেষ ম্যাচে দেখিয়েছেন নিজের আসল রূপ। নিয়েছেন পাঁচ উইকেট, ভেঙে দিয়েছেন কিউইদের ব্যাটিং লাইনআপ। কিন্তু এই উজ্জ্বল পারফরম্যান্সের পরও তার ফিটনেস নিয়ে শঙ্কা কাটেনি পুরোপুরি।
দলের মেডিকেল টিম ইতোমধ্যে মোস্তাফিজের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছে। বিস্তারিত মূল্যায়নের জন্য তাকে দ্রুত স্ক্যান করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর বিসিবির মেডিকেল টিমের তত্ত্বাবধানে শুরু হবে তার পুনর্বাসন প্রক্রিয়া।
এই পরিস্থিতিতে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য আগে দেওয়া অনাপত্তিপত্র (এনওসি) বাতিল করেছে বিসিবি। ফলে টুর্নামেন্টের বাকি অংশে আর দেখা যাবে না মোস্তাফিজকে। কাটার মাস্টারকে না পেয়ে বিপাকে পড়বে লাহোর কালান্দার্সও।
একই সিদ্ধান্ত এসেছে তরুণ পেসার নাহিদ রানার ক্ষেত্রেও। তাকে পিএসএলের বাকি ম্যাচগুলো খেলার অনুমতি দেওয়া হচ্ছে না। সামনে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। ওয়ার্কলোড কমাতে আপাতত বিশ্রামে থাকবেন নাহিদ রানা।
এমআই