Advertisement
Us Bangla Airlines
এবার তামিমকে শুভেচ্ছা জানালেন মোহাম্মদ নবী

এবার তামিমকে শুভেচ্ছা জানালেন মোহাম্মদ নবী

খেলা ডেস্ক

১১ এপ্রিল ২০২৬, ১৮:৩৬

বাংলাদেশ ক্রিকেটের নতুন অধ্যায়ে শুভকামনার বার্তা এলো আফগানিস্তান থেকে। তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এডহক কমিটির সভাপতি হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন মোহাম্মদ নবী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় সাবেক সতীর্থ তামিমের প্রশংসায় ভাসেন নবী।

দুজনের সম্পর্কটা কেবল আন্তর্জাতিক ক্রিকেটেই সীমাবদ্ধ নয়। সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফরচুন বরিশালের হয়ে একসঙ্গে খেলেছেন তারা। সেই আসরে তামিমের নেতৃত্বেই শিরোপা জেতে বরিশাল, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন নবীও। সেই স্মৃতিই যেন আরও উষ্ণ করে তুলেছে অভিনন্দনের বার্তাটি।

তামিমকে নিয়ে নবী বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে নিয়োগ পাওয়ায় তামিম ইকবালকে অভিনন্দন। তুমি তোমার ক্যারিয়ারে মাঠে অসাধারণ পারফর্ম করেছ। আমার কোনো সন্দেহ নেই, নতুন দায়িত্বেও তুমি একই রকম নেতৃত্ব, উৎসাহ ও উৎকর্ষ দেখাবে। নতুন যাত্রায় তোমার সাফল্য কামনা করছি।’

এর আগে গত সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে তিন মাসের জন্য ১১ সদস্যের একটি এডহক কমিটি গঠন করে। সেই কমিটির নেতৃত্বে আনা হয় তামিম ইকবালকে। কমিটিতে আরও আছেন সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন ও আতহার আলী খান।

তবে এই পরিবর্তন ঘিরে তৈরি হয়েছে বিতর্কও। সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এনএসসির তদন্ত কমিটিকে ‘ত্রুটিপূর্ণ’ ও ‘আইনি ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে তামিমের নেতৃত্বাধীন এডহক কমিটিকে অবৈধ দাবি করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের হস্তক্ষেপও চেয়েছেন তিনি।

এমআই