পিএসএল ফাইনাল খেলতে যাচ্ছেন নাহিদ রানা!
খেলা ডেস্ক
২৯ এপ্রিল ২০২৬, ১৫:৩৮
পাকিস্তানের বিপক্ষে আগামী মাসে টেস্ট খেলবে বাংলাদেশ। সাদা পোশাকের ক্রিকেটে নিয়মিত মুখ নাহিদ রানা। তাই ভালো ফর্মে থাকার পরেও তাকে টি-টোয়েন্টি সিরিজে দলে নেয়নি বিসিবি। ওয়ার্কলোড বিবেচনায় এই অবসর সময়ে বিশ্রাম নেওয়ার কথা নাহিদের। তবে এর মাঝেই নতুন খবর, পিএসএলের ফাইনালে খেলতে যাচ্ছেন এই স্পিড স্টার।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে বিষয়টি জানিয়েছেন পেশওয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদি। সেখানে তিনি বলেন, ‘পিএসএলের ফাইনালে পেশওয়ার জালমির হয়ে নাহিদ রানাকে খেলার অনুমতি দেওয়ার জন্য তামিম ভাইকে ধন্যবাদ।’ অর্থাৎ, বিশ্রামে থাকলেও কেবল ফাইনাল ম্যাচ খেলতে পিএসএলে যাচ্ছেন নাহিদ।
এদিকে বিসিবির অপারেশন বিভাগ সূত্রে জানা গেছে, নাহিদের পিএসএল ফাইনাল খেলার বিষয়ে স্পষ্ট কোনো তথ্য নেই। এমনকি পাকিস্তানে যাওয়ার জন্য তিনি এখনো বিসিবির কাছে অনাপত্তিপত্র চাননি। ফলে নাহিদের খেলতে যাওয়া নিয়ে এখনো কোনো নিশ্চায়ন মিলেনি।
পিএসএলের চলমান আসরে খেলেছেন বাংলাদেশের ৬ ক্রিকেটার। এর মধ্যে পেশওয়ার জালমির হয়ে মাঠে নেমেছেন নাহিদ-শরিফুল। বাংলাদেশের দুই পেসার পেশওয়ারের আশার প্রদীপ হয়ে দাঁড়িয়েছিলেন। এমনকি বিসিবি অনুরোধ করে এই দুই পেসারকে বাড়তি ম্যাচ খেলিয়েছিল বিসিবি।
নাহিদ-শরিফুল ফেরার পর তাদের নিয়ে বাংলায় টুইট করেছিলেন দলটির মালিক জাভেদ আফ্রিদি। গত ১৪ এপ্রিল করা সেই টুইটে নাহিদ-শরিফুলকে আবারও পেতে আশা প্রকাশ করেছিলেন পেশওয়ারের মালিক। তিনি বলেন, ‘নাহিদ-শরিফুলকে খেলার অনুমতি দেওয়ার জন্য ধন্যবাদ। ওয়ানডে সিরিজের পর আমরা তাদের দলে ফেরাতে চাই।’
ওয়ানডে সিরিজের পর পিএসএলে নাহিদের ফেরার গুঞ্জন ওঠেছিল। তবে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সেই গুঞ্জনকে বাতিল করে দেয় বিসিবি। তবে এবার কেবল ফাইনাল ম্যাচ খেলতে নাহিদকে ছাড়তে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
উল্লেখ্য, পিএসএলে চলতি আসরেই অভিষেক হয় নাহিদ রানার। পেশওয়ারের জার্সিতে চার ম্যাচ খেলে মাত্র ১০ গড়ে সাত উইকেট নিয়েছেন এই ফাস্ট বোলার।
এমআই