সুযোগ পেলে ওপেনিংয়ে ব্যাট করতে চান হৃদয়
খেলা ডেস্ক
২৭ এপ্রিল ২০২৬, ২১:২০
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটের দাপুটে জয়ে সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ। চট্টগ্রামের সেই ম্যাচে ২৭ বলে ঝড়ো ৫১ রান করে ম্যাচসেরার পুরস্কার জেতেন হৃদয়। তবে ইনিংসের মতোই আলোচনায় এসেছে তার ব্যাটিং পজিশন।
ওয়ানডে সিরিজে ছয় ও পাঁচ নম্বরে ব্যাট করা হৃদয় এই ম্যাচে নেমেছিলেন চার নম্বরে। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি জানান, পরিস্থিতির দাবি মেনেই নিজেকে মানিয়ে নিয়েছেন। হৃদয় বলেন, ‘খেলার ওই মুহূর্তে দল এটাই চেয়েছিল। শুরুতে রান কম হয়ে গিয়েছিল, তাই দ্রুত রান তোলার প্রয়োজন ছিল। আমার পরিকল্পনাও ছিল আক্রমণাত্মক খেলা।’
টি-টোয়েন্টির গতিময়তা তুলে ধরে তিনি বলেন, ‘এই ফরম্যাটে এক-দুই ওভারেই ম্যাচ ঘুরে যায়। তখন প্রতিপক্ষের হাতে খেলা চলে যেতে পারে। তাই চেষ্টা করেছি যতটা সম্ভব আগ্রাসী ক্রিকেট খেলতে, কারণ তখন সেটাই ছিল দলের জন্য সেরা অপশন।’
তবে নিজের ব্যাটিং পজিশন নিয়ে হৃদয় বলেন, ‘একজন পেশাদার ক্রিকেটার হিসেবে আমাকে যদি সাত, আট বা নয় নম্বরে ব্যাট করতে বলা হয়, আমি সেটাই করবো। জাতীয় দলে সাত পর্যন্ত খেলার অভিজ্ঞতা আছে। শুধু ওপেন করিনি। কোনো একদিন ওপেনেও ব্যাটিং করবো, ইনশাল্লাহ।’
চার নম্বরে খেলার ইচ্ছার কথাও গোপন করেননি এই ব্যাটার। তবে ব্যক্তিগত চাওয়া নয়, দলের প্রয়োজনই তার কাছে প্রাধান্য পায়। ‘ইচ্ছা তো থাকেই চার নম্বরে ব্যাট করার। কিন্তু সবসময় তা পূরণ হয় না। কারণ দলটা তো আমার একার না।’
এমআই