Advertisement
Us Bangla Airlines
১৮২ রানে থামল নিউজিল্যান্ড, জিততে গড়তে হবে রেকর্ড

১৮২ রানে থামল নিউজিল্যান্ড, জিততে গড়তে হবে রেকর্ড

খেলা ডেস্ক

২৭ এপ্রিল ২০২৬, ১৬:০৯

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১৮২ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে নিউজিল্যান্ড। এই রান তাড়া করে জিততে হলে নতুন রেকর্ড গড়তেই হবে টাইগারদের। কারণ, কিউইদের বিপক্ষে এত বড় লক্ষ্য তাড়া করে জয়ের অভিজ্ঞতা নেই বাংলাদেশের। ফলে ম্যাচ জিততে জয়ের সঙ্গে চাই রান তাড়ার রেকর্ডও।

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত চারটি জয় পেয়েছে বাংলাদেশ, যার মধ্যে তিনটিই এসেছে রান তাড়া করে। তবে সেই তালিকায় সর্বোচ্চ সফলতা মাত্র ১৩৫ রান। ২০২৩ সালে রান তাড়া করে জিতেছিল টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচ জিততে মিরপুরের সেই রেকর্ড ভাঙতেই হবে বাংলাদেশের।

চট্টগ্রামে টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক লিটন কুমার দাস। শুরুটা দারুণই ছিল বাংলাদেশের জন্য। ইনিংসের দ্বিতীয় ওভারেই রান আউট হয়ে ফিরে যান ওপেনার টিম রবিনসন, চাপে পড়ে নিউজিল্যান্ড।

কিন্তু সেখান থেকেই ঘুরে দাঁড়ায় সফরকারীরা। কেতেন ক্লার্ক ও ড্যান ক্লেভার মিলে গড়ে তোলেন ৮৮ রানের দুর্দান্ত জুটি। দুই ব্যাটারের ব্যাটেই ছন্দ ফিরে পায় কিউই ইনিংস। দুজনই করেন সমান ৫১ রান। ক্লার্ক ৩৭ বলে সাতটি চার ও একটি ছয়ে পৌঁছান ফিফটিতে, আর ক্লেভার মাত্র ২৮ বলেই খেলেন সমান আগ্রাসী ইনিংস।

এই জুটি ভাঙার পর কিছুটা চাপে পড়ে নিউজিল্যান্ড। দ্রুত কয়েকটি উইকেট হারানোর পাশাপাশি মন্থর হয়ে যায় রান তোলার গতি। প্রথম ১০ ওভারে ১০০ রান তোলা দলটি পরের ৫ ওভারে যোগ করে মাত্র ৩০ রান। এই সময়ে বেভন জ্যাকবস (১) ও ড্যান ফক্সক্রফট (৩) দ্রুত বিদায় নেন।

শেষ দিকে আবারও গতি ফেরানোর চেষ্টা করেন অধিনায়ক নিক কেলি। ২৭ বলে ৩৯ রানের কার্যকর ইনিংস খেললেও ইনিংস শেষ করতে পারেননি তিনি। এছাড়া জশ ক্লার্কসন করেন ৩০ এবং নাথান স্মিথ যোগ করেন ৪ রান।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন রিশাদ হোসেন, নেন দুটি উইকেট। এছাড়া আরও তিনজন বোলার একটি করে উইকেট ভাগাভাগি করে নেন।

এমআই