জয়ের দাপটে র্যাঙ্কিংয়ে উত্থান, বিশ্বকাপের পথে টাইগাররা
খেলা ডেস্ক
২৪ এপ্রিল ২০২৬, ১৬:৪২
ঘরের মাটিতে টানা তিন সিরিজ জয়ে বদলে গেছে সমীকরণ। আত্মবিশ্বাসে ভর করে এখন বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শুধু স্বপ্ন নয়, বাস্তবতার মাটিতেও সেই সম্ভাবনা দিন দিন শক্ত হচ্ছে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে সম্ভাব্য ৬ পয়েন্টের মধ্যে ৪ পয়েন্ট তুলে নিয়েছে বাংলাদেশ।
২-১ ব্যবধানে সিরিজ জেতায় র্যাঙ্কিংয়ের বাংলাদেশের ৯ নম্বর অবস্থান আরও পোক্ত হয়েছে। একই সঙ্গে ১০ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের সঙ্গে ব্যবধানও বেড়েছে। বর্তমানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৮৩, যেখানে ক্যারিবিয়ানদের সংগ্রহ ৭৭।
আগামী বছরের ৩১ মার্চ র্যাঙ্কিংয়ের ভিত্তিতেই নির্ধারিত হবে বিশ্বকাপে সরাসরি খেলা দলগুলো। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়াও শীর্ষ ৮ দল পাবে সরাসরি খেলার টিকিট। তবে বাস্তব হিসাব বলছে, এই দুই স্বাগতিকের অবস্থানে বড় পরিবর্তনের সম্ভাবনা কম। ফলে ৯ নম্বর জায়গা ধরে রাখলেও বাংলাদেশের সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা জোরালো।
কিছুদিন আগেও চিত্রটা ছিল ভিন্ন। অনিশ্চয়তা ছিল, চাপ ছিল। কিন্তু পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের পর সেই চিত্র পাল্টে গেছে। পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়ে র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন বাংলাদেশ। কিউইদের হারিয়ে বাড়িয়েছে রেটিং পয়েন্ট। ধারাবাহিক পারফরম্যান্সে নিজেদের অবস্থান শক্ত করেছে টাইগাররা।
তবে সামনে অপেক্ষা করছে বড় চ্যালেঞ্জ। র্যাঙ্কিংয়ের তিন নম্বরে থাকা অস্ট্রেলিয়া ও শীর্ষ স্থানে থাকা ভারতের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজগুলোতে ভালো করলে র্যাঙ্কিংয়ে আরও বড় লাফ দেওয়ার সুযোগ তৈরি হবে। অবশ্য সিরিজ হারলেও খুব বেশি পেছাবে মিরাজের দল।
অধিনায়ক মিরাজ অবশ্য এখনই সন্তুষ্ট নন। তার চোখ আরও ওপরে। তিনি মনে করেন, শুধু বিশ্বকাপে জায়গা নিশ্চিত করাই নয়, দলকে আরও শক্তিশালী করে তোলাই এখন মূল লক্ষ্য। ভালো খেলতে থাকলে কেবল ৯ নম্বর নয়, আরও ওপরে উঠতে পারে তার দল।
এমআই