Advertisement
Us Bangla Airlines
তাসকিনের নারী ভক্ত দেখলেই ব্লক করে দিতেন স্ত্রী নাইমা!

তাসকিনের নারী ভক্ত দেখলেই ব্লক করে দিতেন স্ত্রী নাইমা!

খেলা ডেস্ক

২৪ মার্চ ২০২৬, ১৮:৩০

বাংলাদেশের ফাস্ট বোলিং ইউনিটের নেতা তাসকিন আহমেদ। লাইন-লেন্থ আর গতির ঝড়ে প্রতিপক্ষের স্টাম্প উড়িয়ে দিতে সবচেয়ে বেশি আনন্দ খুঁজে পান এই পেসার। তাতে দলের হয়ে নিয়মিত উইকেট শিকার করা সুদর্শন তাসকিনের প্রেমে মজে যান অনেক নারী ভক্ত। তবে এসব ভক্তদের অতিমাত্রার আবেগকে একদমই পাত্তা দেন না তার স্ত্রী সৈয়দা নাইমা রাবেয়া।

ক্রীড়াঙ্গনের তারকাদের নিয়ে আয়োজিত এক সংবাদমাধ্যমে নিজেদের গল্প তুলে ধরেছেন পেসার তাসকিন আহমেদ ও তার জীবনসঙ্গী সৈয়দা নাইমা রাবেয়া। আলোচনায় ভালোবাসা, সংসার, ঈদ আর ব্যক্তিগত জীবনের আনুষাঙ্গিক দিকও প্রকাশ করেছেন এই যুগল। যেখানে নারী ভক্তদের নিয়ে প্রশ্নের জবাব দিয়েছেন নাইমা রাবেয়া।

স্কুলজীবনের বন্ধুত্ব থেকে শুরু, তারপর ভালো লাগা—শেষ পর্যন্ত ২০১৭ সালে গাঁটছড়া বাঁধেন এই দম্পতি। তবে সেই গল্পের শুরু আরও আগে। ২০১০ সালে তাসকিনের ছোট বোনের জন্মদিনের এক আয়োজনেই প্রথম অন্যরকমভাবে নজরে আসেন নাইমা। সেখান থেকেই শুরু অনুভূতির পথচলা, যা সময়ের সাথে পেয়েছে পূর্ণতা।

ঈদের স্মৃতি রোমন্থন করতে গিয়ে তাসকিন বলেন, ‘বিয়ের আগের ঈদগুলো ছিল আলাদা রঙে রাঙানো। সালামির আনন্দ, শপিংয়ের উচ্ছ্বাস, সব মিলিয়ে অন্যরকম উন্মাদনা। সময়ের সাথে সেই আবেগের ধরন বদলেছে, তবে গুরুত্ব কমেনি। এখন ঈদ মানেই পরিবারকে ঘিরে ভাবনা, সন্তানদের হাসি আর প্রিয়জনদের খুশি রাখার চেষ্টা।’

ক্রিকেটের ব্যস্ত সূচির কারণে বছরের বড় একটা সময় পরিবার থেকে দূরে থাকতে হয় তাকে। তবুও তিন সন্তান সামলে সংসার সামলানোয় নাইমার ভূমিকার প্রশংসা করতে ভোলেন না এই পেসার। পরিবারকে সময় দেওয়া, সবার মুখে হাসি ফোটানো এখন তার সবচেয়ে বড় লক্ষ্য।

অন্যদিকে তাসকিনের স্ত্রী নাইমা হাস্যরসের সুরে জানালেন ঈদের ‘সালামি রহস্য’। তার ভাষায়, সবচেয়ে বড় সালামিটা আসে স্বামীর কাছ থেকেই। সকাল, দুপুর, রাত—সময়ভেদে চলে আদায়! এমনকি এক ঈদে ৫০ হাজার টাকা পর্যন্ত সালামি নেওয়ার কথাও জানালেন তিনি।

তবে আলোচনার সবচেয়ে চমকপ্রদ অংশ ছিল নারী ভক্তদের প্রসঙ্গ। জনপ্রিয় ক্রিকেটার হিসেবে তাসকিনের ভক্তের অভাব নেই, বিশেষ করে নারী ভক্তদের। আর সেই জায়গাতেই নিজের ভূমিকা নিয়ে খোলামেলা নাইমা। তিনি জানান, পরিস্থিতি সামাল দিতে নারী ভক্তকে ফেসবুক থেকে প্রায়ই ব্লক করতে হয়েছিল তাকে!

নাইমা বলেন, ‘একটা সময় তাসকিনের অনেক নারী ভক্তকে ফেসবুক থেকে ব্লক করতে হয়েছে। ২০ জনের বেশি (নারীভক্তকে) ব্লক করা হয়েছে একদিন।’

এমআই