সাকিব কেন দলে নেই, ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক
খেলা ডেস্ক
১১ এপ্রিল ২০২৬, ১৩:৫৫
নিউজিল্যান্ড সিরিজের স্কোয়াড ঘোষণার পর আবারও আলোচনার কেন্দ্রে সাকিব আল হাসান। গুঞ্জন ছিল, কিউই সিরিজ দিয়ে দলে ফিরতে পারেন তিনি। তবে ঘোষিত দলে কোথাও নেই সাকিবের নাম। কেন দলে নেই দেশের এই অভিজ্ঞ অলরাউন্ডার, সেই প্রশ্নেরই ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।
গত এক মাস ধরে সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর আলোচনা জোরালো হলেও মামলা সংক্রান্ত জটিলতায় কিউই সিরিজেও থাকছেন না সাবেক এই অধিনায়ক। এর আগে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল, তার ফেরা নির্ভর করছে চলমান কিছু আইনি প্রক্রিয়ার অগ্রগতির ওপর।
স্কোয়াড ঘোষণার পর সুমন সুমন বলেন, ‘আমার সঙ্গে সাকিবের একবার কথা হয়েছে। জিজ্ঞেস করেছিলাম প্রস্তুত আছে কি না, যেহেতু ও যেখানে আছে সেখানে নিয়মিত ক্রিকেট হয় না বা ট্রেনিংয়ের সুযোগ নেই। ফিটনেস নিয়ে কাজ হতে পারে, তবে সেখানে ক্রিকেট নিয়মিত হয় না। যদিও সে ক্রিকেট খেলছে।’
সাকিবকে লম্বা সময়ের জন্য পাওয়ার ইচ্ছা জানিয়েছে প্রধান নির্বাচক আরও বলেন, ‘সব যদি ঠিকঠাক থাকে সাকিবকে লম্বা সময়ের জন্যই চাই। এটাই আলাপ হয়েছে যে সে কতখানি প্রস্তুত। আন্তর্জাতিক ক্রিকেটে অনেক কিছু লাগে, এরমধ্যে প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ।’
তবু দরজা পুরোপুরি বন্ধ নয়। বরং দীর্ঘমেয়াদে সাকিবকে দলে ফেরানোর পরিকল্পনার কথাই শোনালেন নির্বাচক। সবকিছু অনুকূলে থাকলে অভিজ্ঞ এই অলরাউন্ডারকে দীর্ঘ সময়ের জন্য দলে পেতে চায় টিম ম্যানেজমেন্ট। তবে তার আগে প্রয়োজন শারীরিক ও ম্যাচ দুদিক থেকেই পূর্ণ প্রস্তুতি।
অন্যদিকে নিউজিল্যান্ড সিরিজের দল নির্বাচন নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন সুমন। তার মতে, সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় দল গঠনে ধারাবাহিকতাকেই গুরুত্ব দেওয়া হয়েছে। পাকিস্তান সিরিজে ভালো করা দল থেকেই কাউকে বাদ না দিয়ে বরং খেলোয়াড়দের পর্যাপ্ত সুযোগ দেওয়ার নীতিতে অটল রয়েছে টিম ম্যানেজমেন্ট।
এমআই