৯ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়া কে এই লরা কারদোসো?
খেলা ডেস্ক
১০ এপ্রিল ২০২৬, ২১:৫৬
ক্রিকেটে এমন দিন খুব কমই আসে, যেদিন একাই ইতিহাস লিখে ফেলেন কেউ। ব্রাজিলের তরুণ পেসার লরা কারদোসো ঠিক সেটাই করলেন। এক ম্যাচেই ৯ উইকেট নিয়ে গড়লেন অবিশ্বাস্য এক বিশ্বরেকর্ড। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে একাই ৯ উইকেট নেওয়া কীর্তি গড়তে পারেননি বিশ্বের কোনো বোলার।
গত বৃহস্পতিবার কালাহারি নারী টি-টোয়েন্টি টুর্নামেন্টে লেসোথোর বিপক্ষে এই কীর্তি গড়েন ২১ বছর বয়সী এই পেসার। মাত্র ৩ ওভার বল করে ৪ রান খরচায় ৯ উইকেট। এর আগে টি-টোয়েন্টিতে সেরা বোলিংয়ের রেকর্ডটি ছিল ভুটানের সোনম ইয়েশের দখলে। ২০২৫ সালে মিয়ানমারের বিপক্ষে ৭ রানে ৮ উইকেট নিয়েছিলেন তিনি।
কে এই লরা কারদোসো?
২০০৫ সালের ২৮ মার্চ জন্ম লরার। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি ছিল গভীর টান। শুরুটা অবশ্য ক্রিকেট দিয়ে নয়, ভলিবলই ছিল তার ক্রীড়াঙ্গনে প্রবেশের প্রথম মাধ্যম। তবে ১১ বছর বয়সে সেই পথ ছেড়ে বেছে নেন ক্রিকেট, আর সেখানেই দ্রুত ফুটে ওঠে তার প্রতিভা।
মাত্র ১২ বছর বয়সেই নজর কাড়েন কোচদের। এরপর ধাপে ধাপে নিজেকে গড়ে তুলেছেন পরিশ্রম আর নিষ্ঠায়। পড়াশোনা ও খেলাধুলা—দুটোই সমানতালে চালিয়ে যাচ্ছেন তিনি। ব্রাজিল ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিপ্রাপ্ত ১৪ জন ক্রিকেটারের একজন লরা। যা তার প্রতিভা ও সম্ভাবনার বড় স্বীকৃতি।
আন্তর্জাতিক মঞ্চে উত্থান
২০২১ সালে নারী বিশ্বকাপের বাছাইপর্বে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় এই ডানহাতি পেসারের। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচেই ২ ওভারে মাত্র ৬ রান দিয়ে নেন ১ উইকেট। অভিষেকের কিছুদিন পরই কানাডার বিপক্ষে রুদ্ধশ্বাস এক ম্যাচে নিজের সামর্থ্যের ঝলক দেখান লরা।
ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে টানা তিনটি বল থেকে তিনটি রান বাঁচিয়ে হ্যাটট্রিক করেন, এনে দেন নাটকীয় জয়। সেই ম্যাচেই জেতেন সেরা খেলোয়াড়ের পুরস্কার। শুধু বোলিং নয়, ব্যাট হাতেও সমান দক্ষ এই নারী ক্রিকেটার। সবশেষ ছয় ম্যাচে তিনটি ফিফটির সঙ্গে পাঁচটি চল্লিশোর্ধ্ব ইনিংস খেলেছেন তিনি।
নতুন তারকার জন্ম
৯ উইকেটের এই কীর্তি শুধু একটি রেকর্ড নয়, এটি এক নতুন সম্ভাবনার বার্তা। লরা কারদোসো কেবল একজন তরুণ প্রতিভা নন, তিনি এখন বিশ্ব ক্রিকেটে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু। দেখার বিষয়, এই বিস্ময়কর পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে কতদূর যেতে পারেন ব্রাজিলের এই উদীয়মান তারকা।
এমআই